মধ্যপ্রাচ্যে ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা। শনিবার ইরানের বহু জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। পালটা ইজরায়েল ও মধ্যেপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানও। যুদ্ধ ভয়াবহ আকার নিতেই উদ্বেগ প্রকাশ করে এবার বিবৃতি জারি করল নয়াদিল্লি। যেখানে আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমাধান খোঁজার আবেদন জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।
মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শনিবার বিবৃতি জারি করেছে বিদেশমন্ত্রক। যেখানে বলা হয়েছে, 'ইরান ও উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে উত্তেজনা কমিয়ে সংযম প্রদর্শন ও সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানাচ্ছি। যুদ্ধ এড়িয়ে আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করার আবেদন জানাচ্ছে ভারত। সকল দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আবেদন জানাচ্ছি আমরা।'
যুদ্ধ এড়িয়ে আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করার আবেদন জানাচ্ছে ভারত। সকল দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আবেদন জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমাদের দূতাবাস উত্তেজনাপূর্ণ এলাকায় থাকা সব ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি ইরানে থাকা ভারতীয়দের কাছে অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। এবং সমস্তরকম নির্দেশিকা অনুসরণ করেন।'
উল্লেখ্য, গত বছর ১২ দিনের যুদ্ধের পর, ইজরায়েল এবং আমেরিকা আবারও ইরানে হামলা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে লক্ষ্য করে চালানো এই হামলায় তেহরানে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের মতে, ইজরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়েছে ইরানের একটি স্কুল। যার জেরে অন্তত ৫৩ জন ছাত্রীর মৃত্যু হয়েছে।
