shono
Advertisement
Rahul Gandhi

'সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি', বিস্ফোরক দাবি রাহুলের

যে সিস্টেম একটা সময় নরেন্দ্র মোদি নিয়ন্ত্রণ করতেন-সেই সিস্টেমই এখন আমাকে তাঁর সম্পর্কে তথ্য দিচ্ছে, আর যা বললেন রাহুল...!
Published By: Subhajit MandalPosted: 10:52 AM Jun 04, 2026Updated: 12:36 PM Jun 04, 2026

আর এক বছরও প্রধানমন্ত্রীর কুরসিতে থাকবেন না নরেন্দ্র মোদি। যে সিস্টেম তিনি তৈরি করেছিলেন, সেই সিস্টেম ভেঙে পড়েছে। বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুধু তাই নয়, নিজের কুরসি বাঁচাতে জরুরি অবস্থার মতো কোনও পন্থাও মোদি নিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা।

Advertisement

বুধবার কংগ্রেসের আদিবাসী সম্মেলনে রাহুল যা দাবি করেছেন, তা রীতিমতো বিস্ফোরক। লোকসভার বিরোধী দলনেতা বলছেন, "দেশে সিস্টেমের মধ্যে একটা সংঘবদ্ধ বিক্ষোভ তৈরি হচ্ছে। যে সিস্টেম একটা সময় নরেন্দ্র মোদি নিয়ন্ত্রণ করতেন-সেই সিস্টেমই এখন আমাকে তাঁর সম্পর্কে তথ্য দিচ্ছে। গোটা সিস্টেমে ভিতর থেকে একটা ঝাঁকুনি আসতে চলেছে। ভিতর থেকে প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তাঁদের সন্তানদের সম্পর্কে একের পর এক তথ্য আমার কাছে আসছে।" এরপরই রাহুলের বিস্ফোরক দাবি, "আমার হিসাবে নরেন্দ্র মোদি আর একবছরও প্রধানমন্ত্রী থাকবে না।"

এখানেই থামেননি বিরোধী দলনেতা। তাঁর দাবি, "যে নির্বাচন কমিশনকে মোদি কুক্ষিগত করে রেখেছেন বলে মনে করেন, সেই নির্বাচন কমিশনারের অফিস থেকে আমার কাছে মেসেজ আসে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থার মাথারা আমাকে নিয়মিত বার্তা পাঠাচ্ছেন।" রাহুলের বক্তব্য, "মোদি ভয়ংকর অস্বস্তির মধ্যে রয়েছেন। কারণ তিনি জানেন, বছরের পর বছর ধরে যে সিস্টেম তিনি নিয়ন্ত্রণ করেছেন, সেটা এবার ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে জনরোষ থেকে বাঁচতে জরুরি অবস্থার মতো কিছু কার্যকর করতে পারেন প্রধানমন্ত্রী।"

রাহুল গান্ধীর এই দাবি সত্যি হলে, সেটা যে মোদি সরকারের জন্য অশনিসংকেত সেটা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই অর্থনীতি, জ্বালানি সংকট, একের পর এক পরীক্ষায় অব্যবস্থার মতো ইস্যুতে বেশ চাপে মোদি সরকার। তারপর যদি সিস্টেমের অন্দর থেকে বিরোধী দলনেতার কাছে তথ্য যায়, সেটা চিন্তার তো বটেই। কিন্তু এক্ষেত্রে আরও একটি প্রশ্ন থাকে, এভাবে সরকারের অন্দরের তথ্য পাচার কতটা আইনসম্মত? এটা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ নয় তো? যে ষড়যন্ত্রের কথা গেরুয়া শিবির বহুদিন ধরে বলে আসছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement