shono
Advertisement
NEET

সরষের মধ্যে ভূত! এনটিএ-র ভিতর থেকেই নিটের প্রশ্নফাঁস? আদালতে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

এই প্রসঙ্গে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা আয়ুর্বেদিক চিকিৎসক শুভম খৈরনার কথা উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Published By: Kishore GhoshPosted: 02:35 PM May 15, 2026Updated: 04:11 PM May 15, 2026

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ভিতর থেকেই নিটের প্রশ্নফাঁস হয়ে থাকতে পারে। দিল্লির আদালতে এমন চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। এই প্রসঙ্গে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা আয়ুর্বেদিক চিকিৎসক শুভম খৈরনার কথা উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুণের যে ব্যক্তির থেকে শুভম প্রশ্ন কিনেছিলেন, তাঁর সঙ্গে এনটিএ-র সংযোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

এনটিএ-র ভিতরের ভূত ধরতে কীভাবে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে, তাও আদালতকে জানিয়েছে সিবিআই। জানানো হয়েছে, এই মুহূর্তে এনটিএ-র বিভিন্ন সন্দেহভাজন আধিকারিকদের এবং অন্য সরকারি প্রতিষ্ঠানের বেশ কয়েকজনকে চিহ্নিতকরণ চলছে। তাঁদের আটক করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা ভাবছে কেন্দ্রীয় তদন্ততকারীরা। প্রয়োজন বলে তাঁদের গ্রেপ্তারও করা হবে। ইতিমধ্যে তিন রাজ্য থেকে সাত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। প্রশ্ন ফাঁসের ঘটনায় গত ২৪ ঘণ্টায় চোদ্দটি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। ইতিমধ্যে এনটিএ সদর দপ্তর থেকে ডিজিটাল তথ্যপ্রমাণ উদ্ধারে বেশকিছু মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলির কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, ইতিমধ্যে বাতিল হওয়া নিটের নতুন দিনক্ষণ জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ৩ জুন হবে সেই পরীক্ষা। সাংবাদিক সম্মেলন করে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ভার স্বীকার করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এমনকী তাঁর মুখে শোনা গিয়েছে ‘সংগঠিত চক্র’ এবং ‘শিক্ষা মাফিয়া’র মতো শব্দও। বিরোধীরা প্রশ্ন তুলছেন, বছর বছর কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে? একাধিকবার পরীক্ষা কোনও সমাধান হতে পারে না। নিটের মতো কঠিন পরীক্ষা বারবার দেওয়া পরীক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক হেনস্তার শামিল।

সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ওঠে, প্রশ্নপত্র ফাঁসে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) কেউ জড়িত নয় তো? এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “সিবিআই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে। সিবিআই একটি নির্ভরযোগ্য সংস্থা এবং তারা বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করবে।” এবারের মতো পরিস্থিতি যাতে ভবিষ্য়তে না হয়, তার জন্য আগামী বছর অনলাইনে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে বলেও ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। প্রশ্নফাঁস রুখতেই যে আগামী বছর থেকে আমূল বদলে যাচ্ছে নিটের প্রক্রিয়া, সেকথা বলেন তিনি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement