বাইকে সওয়ার এনআইএ-র শীর্ষ আধিকারিককে পিষে দিল মালবাহী ট্রাম্প। শুক্রবার শেষরাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুরাদাবাদে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই আধিকারিকের। গুরুতর আহত হয়েছেন ওই বাইকে সওয়ার এক মহিলা। দুর্ঘটনার খবর সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের তরফে জানা গিয়েছে, পাঞ্জাবের মোহালির বাসিন্দা এনআইএ-র ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে ছিলেন ঈশান মেহরা। ৩২ বছরের ওই যুবক তাঁর প্রেমিকাকে সঙ্গে নিয়ে বাইকে দিল্লি থেকে বাজপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টা নাগাদ কাটঘর থানা এলাকায় হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময় উলটোদিক থেকে আসা একটি কন্টেনারের সঙ্গে ধাক্কা লাগে বাইকের ছিটকে পড়ে যান ঈশান ও তাঁর বান্ধবী। এই ঘটনায় গুরুতর আহত হন দু'জনই।
পাঞ্জাবের মোহালির বাসিন্দা এনআইএ-র ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে ছিলেন ঈশান মেহরা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দু'জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ঈশানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সুপার কুমার রণবিজয় সিং জানিয়েছেন, মৃত ঈশান মেহরা দিল্লিতে এনআইএ অফিসে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে কর্মরত ছিলেন। শনিবার তাঁর ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করেছে পুলিশ। খোঁজ চলছে ঘাতক গাড়িটির।
