ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারে কমছে গাড়ির মাইলেজ! গ্রাহকদের একাংশের এহেন অভিযোগকে কেন্দ্র করে চলছে বিতর্ক। এই পরিস্থিতিতে ফের মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। তিনি সাফ জানালেন, সাধারণ গাড়ি-মালিকরা গাড়ির মাইলেজ সঠিকভাবে পরিমাপ করতে পারেন না। অনুমোদিত ডিলারদের করা পরীক্ষার উপরই তাঁদের নির্ভর করা উচিত।
সোমবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন গড়করি। সেই সময় সাংবাদিক দাবি করেন, সরকার-নির্ধারিত ই-২০ পেট্রল (E20 Petrol) ব্যবহারের পর তাঁর গাড়ি মাইলেজ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তিনি আরও দাবি করেন, আগে তার গাড়ির মাইলেজ প্রতি লিটারে ১১ কিলোমিটার ছিল। কিন্তু ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারের পর তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭ কিলোমিটারে। তাঁর এই দাবির পরই গডকড়ি প্রশ্ন তোলেন যে তিনি কীভাবে হিসাবটি করলেন? উত্তরে সাংবাদিক বলেন, “গাড়ির ড্যাশবোর্ড দেখে। সবাই যেমনটা করেন।” এরপরই গড়করি পালটা বলেন, “আপনি বা আমি গাড়ির মাইলেজ পরীক্ষা করতে পারব না। গাড়ির মাইলেজ কেবল সংস্থার অনুমোদিত ডিলার নির্দিষ্ট মেশিন ব্যবহার করেই করতে পারে।”
সোমবারই ইথানল মিশ্রিল পেট্রল বা ই-২০ নিয়ে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। সি ভোটারের ওই সমীক্ষায় উঠে এসেছে, ই-২০ নিয়ে অসন্তুষ্ট খোদ এনডিএ ভোটাররা। ৫০ শতাংশেরও বেশি এনডিএ ভোটার এই জ্বালানি ব্যবহারই করতে চান না। তাঁদের মধ্যে অধিকাংশের আশঙ্কা, ইথানল মিশ্রিল পেট্রল ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে। অন্যদিকে, মাত্র ১৮.১ শতাংশ জানিয়েছেন যে তাঁরা ই-২০ ব্যবহার করতে আগ্রহী। বাকি ২৯.৫ শতাংশ কোনও সিদ্ধান্ত নেননি। আরও জানা গিয়েছে, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫২ শতাংশ পেট্রলের সঙ্গে ইথানল মেশানোর নীতিটিকে সমর্থন করেন না বলেও জানিয়েছেন।
