ইথানল মিশ্রিল পেট্রল বা ই-২০ নিয়ে অসন্তুষ্ট খোদ এনডিএ ভোটাররা। ৫০ শতাংশেরও বেশি এনডিএ ভোটার এই জ্বালানি ব্যবহারই করতে চান না। তাঁদের মধ্যে অধিকাংশের আশঙ্কা, ইথানল মিশ্রিল পেট্রল ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে। সম্প্রতি সি ভোটারের একটি সমীক্ষায় তেমনটাই উঠে এসেছে। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এই সমীক্ষার ফলে নরেন্দ্র মোদি সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়বে।
সমীক্ষায় দেখা গিয়েছে, ৫২.৫ শতাংশ এনডিএ ভোটার তাঁদের গাড়িতে ই-২০ পেট্রল ব্যবহার করতে আগ্রহী নন। অন্যদিকে, মাত্র ১৮.১ শতাংশ জানিয়েছেন যে তাঁরা এটি ব্যবহার করতে আগ্রহী। বাকি ২৯.৫ শতাংশ কোনও সিদ্ধান্ত নেননি। আরও জানা গিয়েছে, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫২ শতাংশ পেট্রলের সঙ্গে ইথানল মেশানোর নীতিটিকে সমর্থন করেন না বলে জানিয়েছেন। অন্যদিকে, ২২ শতাংশ এটিকে সমর্থন করেছে। এনডিএ ভোটারদের মধ্যে ৪৮.২ শতাংশ এই নীতির বিরোধিতা করেছেন এবং ২৪.৪ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন। ২৭.৪ শতাংশ কোনও সিদ্ধান্ত নেননি। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি চ্যালেঞ্জ করেছিলেন। বলেছিলেন, “এখনও একটা গাড়িও এমন পাওয়া যায়নি ইথানলের মিশ্রণের জন্য যে গাড়ির ক্ষতি হয়েছে।” তারপরই এই সমীক্ষাটি প্রকাশ্যে এল।
প্রসঙ্গত, ইথানল হল আখ, ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি। পেট্রলের সঙ্গে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ইথানলের গুরুত্ব আরও বেশি করে অনুধাবন করতে পারছে মোদি সরকার। সমস্যা হল এই ইথানল নিয়ে আবার অভিযোগ অনেক। গ্রাহকদের একাংশের অভিযোগ, ইথানলের অতিরিক্ত ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাইলেজ কমে যাচ্ছে। গাড়ি তৈরি সংস্থাগুলিও স্বীকার করে নিচ্ছে ইথানলে সামান্য হলেও মাইলেজ কমছে।
কেন্দ্র যদিও মেনে নিয়েছে, ই-২০ পেট্রোলে কিছু গাড়ির মাইলেজ ৩-৫ শতাংশ কমাতে পারে। পেট্রোলিয়াম মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ই-২০ জ্বালানির দাম যে সাধারণ পেট্রলের চেয়ে সবসময় কমই হবে, এমনটা নিশ্চিত ভাবে বলা যায় না। কারণ, ইথানল মিশ্রিত পেট্রলের দাম শুধু আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের উপর নির্ভর করবে না। সেটা নির্ভর করবে বাজারে ইথানলের দামের উপরও। ইথানল এমন একটি মূল্যে সংগ্রহ করা হয় যা কৃষকদের জন্য লাভজনক হবে। ফলে অশোধিত তেলের দাম কম হলেও ইথানলের দাম না কমলে পেট্রলের দাম কমবে না।
