আগামী বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাটে বিধানসভা ভোট। তা মাথায় রেখেই ভোটমুখী তিন রাজ্যে নতুন 'সেনাপতি' নিয়োগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin)। বলা বাহুল্য ভোটের আগে তিন রাজ্যে দলের সংগঠনকে আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত।
মঙ্গলবার বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপির পর্যবেক্ষক করা হয়েছে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওয়াড়েকে। সহকারী পর্যবেক্ষক করা হয়েছে নব নিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক জগদীশ ঈশ্বরভাই প্যাটেলকে। পাঞ্জাবে দলের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ সতীশ পুনিয়াকে। অন্যদিকে, গুজরাটে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তরুণ চুঘকে।
যোগীরাজ্যে নতুন মুখ আনার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির আসনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছিল। এর জেরে সে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। এমনকী গেরুয়া শিবিরকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল শক্তঘাঁটি অযোধ্যাতেও। আগামী বছর উত্তরপ্রদেশে রয়েছে বিধানসভা ভোট।তার আগে যোগীরাজ্যের সংগঠনকে ঢেলে সাজাতে তৎপর নীতীন। পুরনো ভুলত্রুটির অবসান ঘটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে ভোটের ময়দানে ঘুরে দাঁড়ানোই এখন মূল লক্ষ্য গেরুয়া শিবিরের। অন্যদিকে, এবার পাঞ্জাবকে পাখির চোখ করেছে বিজেপি। পাঞ্জাব দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। তাই সে রাজ্যেও নয়া মুখ এনে সংগঠনকে শক্তিশালী করার বার্তা দিলেন নীতীন।
