ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরানি রণতরী ধ্বংস দুর্ভাগ্যজনক। ওরা আমাদের অতিথি ছিল। বৃহস্পতিবার এমনটাই বললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
ওমর বলেন, “ভারতের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল যুদ্ধজাহাজটি। ওরা আমাদের অতিথি ছিল। কোনওভাবে আমাদের দেশকেও এই পরিস্থিতিতে টেনে আনা হচ্ছে। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।” এরপরই উদ্বিগ্ন ওমর বলেন, “এই পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ কেউ কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার শ্রীলঙ্কার উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএনএস ডেনা’-এর উপর হামলা চালায় মার্কিন ডুবোজাহাজ। ডুবন্ত অবস্থাতেই জাহাজটির নাবিকেরা বার্তা পাঠান। সেই মতো শ্রীলঙ্কার নৌসেনা উদ্ধারে যায়। ততক্ষণে জাহাজে থাকা ৮৭ জন প্রাণ হারিয়েছেন। ডুবন্ত রণতরী থেকে ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌসেনা। কিন্তু জাহাজে থাকা ১৪৮ জনের খোঁজ মেলেনি। সময় যত গড়াচ্ছে, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা তত ক্ষীণ হচ্ছে বলেই আশঙ্কা উদ্ধারকারীদের।
জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে এসেছিল ইরানি যুদ্ধজাহাজটি। সেখানে ভারতের নৌসেনার সঙ্গে যৌথ মহড়াতেও অংশ নেয় সেটি। তার পর যুদ্ধজাহাজটির গন্তব্য হয় বিশাখাপত্তনম। পরে সেখান থেকে সেটি ইরানের উদ্দেশে রওনা দেয়। ঠিক সেই সময়ই যুদ্ধজাহাজটির উপর হামলা চালানো হয় বলে খবর।
