মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে বিরোধীরা যে অপসারণ প্রস্তাব এনেছিল, তা সংসদের দুই কক্ষেই খারিজ হয়ে গেল। এই ঘটনার পরই সমালোচনায় মুখর হয়েছে তৃণমূল।
গত ১২ মার্চ তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে-সহ বিরোধী দলগুলি সংসদের দুই কক্ষে এই অপসারণ প্রস্তাব আনে। ১৯৩ জন বিরোধী সাংসদ সেই প্রস্তাবে সই করে। কিন্তু আদৌ সেটি গৃহীত হয়েছে কি না, তিন সপ্তাহ কেটে গেলেও স্পষ্ট হয়নি। এই পরিস্থিতিতে সোমবার জানা গেল, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ জ্ঞানেশের বিরুদ্ধে আনা অপসারণ প্রস্তাব খারিজ করে দিয়েছেন।
গোটা ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করেছে তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘এটাই হওয়ার ছিল। মুখ্য নির্বাচন কমিশনার ভ্যানিশ কুমারকে অপসারণের নোটিস খারিজ হয়ে গিয়েছে। কোনও কারণ দর্শানো হয়নি। বিজেপি আমাদের মহান সংসদকে অপমান করছে। এটা লজ্জার।’
বলে রাখা ভালো, জ্ঞানেশে একজন সাংবিধানিক পদাধিকারী। এই ধরনের পদে কেউ থাকলে তাঁর বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনতে গেলে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। এখানে জ্ঞানেশের বিরুদ্ধে অপসারণ প্রস্তাবে সই করেছিলেন ১৯৩ জন সাংসদ। ফলে কোনও সমস্যাই হয়নি। কিন্তু শেষমেষ তা খারিজ হয়ে গেল।
