সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বরাবরই নেপথ্যের কর্মী। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রীর হয়ে বহু কাজ করতেন। এবার তাঁর ফেলে যাওয়া রাজপাটের ভারও নিলেন তিনি। জয়ললিতার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে বসছেন পন্নিরসেলভমই।
এ যেন অনেকটা রামায়ণের ভরতের গল্প। রামের খড়ম মাথায় নিয়ে তিনি যেমন রাজ্য চালাতেন অনেকটা সেভাবেই জয়ললিতার রাজপাট সামলাতেন পন্নিরসেলভমই। রাজনৈতির যাত্রাপথে যখনই বিপদে পড়েছেন জয়ললিতা, তখনই তাঁর কাজ করতে হয়েছে এই মানুষটিকে। কিন্তু মুখ্যমন্ত্রীর পদে বসা হয়নি। একান্ত অনুগত হিসেবে নেপথ্যে থাকাই বেছে নিয়েছিলেন।
তবে জয়ললিতার উত্তরসূরি বাছতে গিয়ে এই মানুষটিকেই বেছে নিলেন সকলে। আম্মার কার্যপদ্ধতি, তামিলনাড়ুকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভাবনা যদি কেউ সঠিকভাবে রূপায়ণ করতে পারেন তবে পন্নিরসেলভমই অদ্বীতিয়। জয়ললিতার প্রয়াণের সঙ্গে সঙ্গেই রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন তিনি।
