shono
Advertisement
Petrol-Diesel Price Hike

পাঁচ দিনে দ্বিতীয়বার! ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, সবচেয়ে বেশি বৃদ্ধি কলকাতায়

গত শুক্রবার দেশজুড়ে লিটারপিছু তিন টাকা করে জ্বালানির দাম বেড়েছিল। মঙ্গলবার সকালে ফের বেড়েছে পেট্রল এবং ডিজেলের দর। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কলকাতায়।
Published By: Anwesha AdhikaryPosted: 08:19 AM May 19, 2026Updated: 01:55 PM May 19, 2026

ব্যবধান মাত্র পাঁচ দিনের। তার মধ্যেই আবারও বেড়ে গেল পেট্রল এবং ডিজেলের দাম। গত শুক্রবার দেশজুড়ে লিটারপিছু তিন টাকা করে জ্বালানির দাম বেড়েছিল। মঙ্গলবার সকালে ফের বেড়েছে পেট্রল এবং ডিজেলের দর। তবে এবার প্রত্যেক শহরে বৃদ্ধির হার আলাদা রকমের। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কলকাতায়। চেন্নাই, দিল্লির থেকে অনেকটাই বেশি দাম বেড়েছে তিলোত্তমায়।

Advertisement

মাত্র পাঁচদিন আগে পেট্রল-ডিজেলের দাম বাড়ায় ইতিমধ্যেই মাথায় হাত আমজনতার। বাসের ভাড়া বাড়াতে চেয়ে সরকারকে চিঠি দিচ্ছে বাসচালকদের সংগঠন। এহেন পরিস্থিতিতে ফের মূল্যবৃদ্ধির বোঝা চাপল। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় পেট্রলের দাম বেড়েছে ৯৬ পয়সা। ডিজেলের লিটারপ্রতি দর বেড়েছে ৯৪ পয়সা। নতুন দর অনুযায়ী কলকাতায় পেট্রলের লিটারপিছু দাম ১০৯.৭০ টাকা এবং ডিজেলের লিটারপিছু দাম ৯৬.০৭ টাকা।

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা ছিল, জ্বালানির দাম বাড়বে। সম্ভবত নির্বাচনের কথা ভেবেই প্রায় ১১ সপ্তাহ ধরে পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর পথটা এড়িয়ে চলা হচ্ছিল।

দিল্লিতে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৮৭ পয়সা এবং ৯১ পয়সা বেড়েছে। চেন্নাইয়ে এই বৃদ্ধির হার যথাক্রমে ৮২ পয়সা এবং ৮৬ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়েছে ৯১ পয়সা, ডিজেলের লিটারপ্রতি দর ৯৪ পয়সা বেড়েছে। উল্লেখ্য, গত শুক্রবার পেট্রল এবং ডিজেলের দাম লিটারপিছু ৩ টাকা বাড়ানো হয়েছে। এইসঙ্গে সিএনজির দামও বাড়ানো হয়েছে। কলকাতায় কেজিপ্রতি সিএনজির দাম তিন টাকা বেড়েছে। সেই মূল্যবৃদ্ধি সামাল দেওয়ার আগেই ফের বাড়ল জ্বালানির দাম।

পাঁচ বিধানসভায় ভোট মিটলেই জ্বালানির দাম বাড়বে, বারবার এমনটা দাবি করেছিলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত শুক্রবার দাম বাড়ার পর কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ম্যাহেঙ্গাই ম্যান’ বলে কটাক্ষ করা হয়। সঙ্গে বলা হয়, সস্তার হাওয়া তুলে ভোটে জিতেই জনতার উপর দায় চাপাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রসঙ্গত, ২০২২ সাল থেকে পেট্রল এবং ডিজেলের দাম অপরিবর্তিত থেকেছে। তবে চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা ছিল, জ্বালানির দাম বাড়বে। সম্ভবত নির্বাচনের কথা ভেবেই প্রায় ১১ সপ্তাহ ধরে পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর পথটা এড়িয়ে চলা হচ্ছিল। কিন্তু এবার লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement