জীবনে কোনওদিন শর্টকাট নিও না। শর্টকাট জীবনকে আরও সংক্ষিপ্ত করে দিতে পারে। বুধবার একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রিলপ্রেমী জেন জি’দের এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বর্তমানে ইন্টারনেটের যুগে রিলের নেশায় বুঁদ হয়ে থাকেন তরুণ-তরুণীরা। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। শুধু তাই নয়, চলে যায় প্রাণও। সেই প্রসঙ্গও উত্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, “রেলস্টেশনে অনেকে ফুটব্রিজের উপর দিয়ে না গিয়ে রেললাইন পার হয়ে যান, কারণ তাঁরা মনে করেন এটিই গন্তব্যে পৌঁছানোর দ্রুততম উপায়। যার ফলাফল অনেকক্ষেত্রই হয় ভয়াবহ। এটিই জীবনের বড় শিক্ষা।” মোদির কথায়, “শর্টকাট আপনার জীবনকে সংক্ষিপ্ত করে দিতে পারে।” তাই সেই পথ বর্জন করে অর্থবহ পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তরুণ-তরুণীদের তিনি এমন ‘ইনফ্লুয়েন্সার’দের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যাঁরা ভুল পথে চালিত করার চেষ্টা করেন। এদিন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ‘ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক: মাই লাইফ, মাই স্ট্রাগলস’ প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি তরুণদের বইটি পড়ার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, আত্মজীবনী পড়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনের অভিজ্ঞতা এবং বিভিন্ন সময়কালকে বোঝার সুযোগ হয়।"
বস্তুত, নিট বিক্ষোভের পর থেকেই প্রধানমন্ত্রী জেন জি'দের মন পাওয়ার চেষ্টা করছেন। তাদের উদ্দেশে একাধিকবার বার্তাও দিয়েছেন তিনি। নতুন প্রজন্মকে তাঁদেরই মতো করে দেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন মোদি। সম্প্রতি নিট প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে মধ্যরাতে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। তরুণ সমাজকে ‘ফ্রেন্ডস’ বলে অভিহিত করেন তিনি। সেই ভিডিওগুলি হু হু করে ছড়িয়ে পড়ে। সমাজমাধ্যমে বেড়ে যায় প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যাও।
