প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম নিয়ে কেন্দ্রের দাবি যত বড়, বাস্তবে খরচের ছবিটা ঠিক তার উলটো! লোকসভায় দেওয়া সরকারি তথ্যেই উঠে এল সেই অস্বস্তিকর চিত্র। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা জানিয়েছেন, ২০২৪-২৫ সালের বাজেটে ঘোষণা করা এই স্কিম এখনও পূর্ণাঙ্গভাবে চালুই হয়নি। বরং প্রায় দেড় বছর কেটে গেলেও প্রকল্পটি পাইলট পর্যায়েই আটকে রয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে বরাদ্দ অর্থ খরচ নিয়ে। সরকারের দেওয়া নথি বলছে, ২০২৪-২৫ অর্থবছরে ২০০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও খরচ হয়েছে মাত্র ২৯.২৯ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরেও একই ছবি। ১০,৮৩১.০৭ কোটি টাকার বিশাল বরাদ্দ থাকলেও ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত খরচ হয়েছে মাত্র ৯৪.৪৮ কোটি টাকা। অর্থাৎ হাজার হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও তার এক ক্ষুদ্র অংশই বাস্তবে ব্যবহার হয়েছে।
মন্ত্রী আরও জানিয়েছেন, প্রকল্পের পাইলট পর্যায়ে প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে ১৬,০৬০ জন ইন্টার্ন যোগ দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় বরাদ্দের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যাও কি খুবই কম নয়? বিরোধী মহলের মতে, বাজেটে বড় ঘোষণা করলেও বাস্তবে প্রকল্প কার্যকর করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। লোকসভায় দেওয়া এই তথ্য সামনে আসার পরই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, বরাদ্দ দেখিয়ে ‘বড় ঘোষণা’ করা হলেও বাস্তবে তা বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রের ব্যর্থতাই স্পষ্ট হয়ে উঠেছে।
