এশিয়ার সবচেয়ে ধনী পুরসভা এবার চালাবেন একেবারে তৃণমূল স্তর থেকে উঠে আসা বিজেপির মহিলা নেত্রী রীতা তাওড়ে। শরিক শিব সেনার সঙ্গে যাবতীয় বিবাদ মিটিয়ে বৃহন্মুম্বই পুরসভার মেয়র পদ নিজেদের দখলে রাখতে সক্ষম হল গেরুয়া শিবির। শনিবার ওই পদে মনোনয়ন দিলেন বিজেপির রীতা। একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিব সেনার দখলে থাকছে ডেপুটি মেয়র পদ।
একক বৃহত্তম দল। ২২৭ আসনের মধ্যে ৮৯ আসনে জয়। আর শিণ্ডে সেনা জিতেছে ২৯ আসনে। অর্থাৎ, তাদের ‘মহাজুটি’ ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে ১১৮ আসনে জিতেছে। অন্য দিকে, উদ্ধবেসেনা, রাজ ঠাকরের দল এমএনএস এবং শরদ পাওয়ারের এনসিপি একজোট হয়ে লড়েছে। তাদের ঝুলিতে সব মিলিয়ে গিয়েছে ৭২ আসন। কংগ্রেস আলাদা লড়েছে। তারা জিতেছে ২৪ ওয়ার্ডে। আর আসাদুদ্দিন ওয়েইসির মিম, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেয়েছে যথাক্রমে আট এবং দু’টি আসন। সেদিক থেকে দেখতে গেলে বিজেপির মেয়র পদ নিয়ে সংশয়ের জায়গা ছিল না। কিন্তু মাঝে শিণ্ডে খানিক একরোখাভাবে মেয়র পদের দাবি জানানোয় পরিস্থিতি জটিল হয়। সেই জটিলতা কাটিয়ে রফাসূত্র বের করে ফেলেছে এনডিএ শিবির।
জানা গিয়েছে, পাঁচ বছরের জন্যই মুম্বইয়ের মেয়র পদ দখলে রাখবে বিজেপি। ডেপুটি মেয়র পদ যাবে শিণ্ডে সেনার হাতে। মেয়র হিসাবে বিজেপি বেছে নিয়েছে ঘাটকোপার পশ্চিম আসনের কর্পোরেটর রীতা তাওড়েকে। ৩ বারের কর্পোরেটর রীতা একেবারে তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন। মানুষের সঙ্গে তাঁর যোগাযোগের পাশাপাশি প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে। এর আগে বিএমসির এডুকেশন কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। একাধিক কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। বিজেপি বলছে, সাধারণ কর্মী থেকে এশিয়ার ধনীতম পুরসভার চেয়ারম্যান হিসাবে এই সাধারণ মহিলার উত্তরণ বিজেপিতেই সম্ভব।
এদিকে শিণ্ডে সেনাকে ডেপুটি মেয়র পদেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। শিণ্ডে সেনার সঞ্জয় ঘড়ি আপাতত ডেপুটি মেয়র হচ্ছেন। তবে জানা গিয়েছে, পাঁচ বছরে ঘুরিয়ে ঘুরিয়ে মোট চারজন ডেপুটি মেয়র নিয়োগ করবে শিব সেনা। যার অর্থ, ২৮ বছর পর টানা পাঁচবছর শিব সেনার কেউ মুম্বইয়ের মেয়র পদে বসবেন না।
