সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের বেনজির আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সাধারণত, বিরোধী রাজনৈতিক দলগুলির সমালোচনা গায়ে মাখেন না প্রধানমন্ত্রী। কিন্তু শুক্রবার বিজেপির ৩৮তম প্রতিষ্ঠা দিবসে সরাসরি তোপ দাগলেন মোদি। তাঁর অভিযোগ, ক্রমশই হিংসার পথে হাঁটছে বিরোধী দলগুলি। বিরোধিতার নামে সংঘর্ষ উসকে দিচ্ছে বিরোধীরা।
[রেকর্ড গড়ে কমনওয়েলথে ভারতকে তৃতীয় সোনা এনে দিলেন সতীশ শিবলিঙ্গম]
এদিন বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “বিরোধিতার নামে ক্রমশ হিংস্র হয়ে উঠছে বিরোধীরা। আজ দলিত, তফসিলি শ্রেণির মানুষ দেশ চালাচ্ছেন। কিন্তু বিভিন্ন উচ্চ ও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এটাই বিরোধীদের সহ্য হচ্ছে না। শুধু তাই নয়, বিজেপি-র বাড়তে থাকা জনপ্রিয়তায় ভয় পেয়েছে বিরোধীরা। বিজেপি গরিব জনতার দল। সাধারণ মানুষের দল। এটাই মেনে নিতে পারছে না বিরোধীরা।”
দলিত বিক্ষোভের জন্য নাম না করেও কংগ্রেস-সহ বিরোধীদের দায়ী করলেন মোদি। তাঁর সাফ ইঙ্গিত, উন্নয়ন বা ন্যায্য প্রতিবাদে মোটেও আগ্রহ নেই বিরোধী দলগুলির। তাদের লক্ষ্য ‘মোদি হটাও’। এদিনে নিজের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, “আমি গরিব মায়ের সন্তান। আজ জনতা আমায় প্রধানমন্ত্রীর পদে বসিয়েছে। এটাই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলগুলির।” এদিন নতুন ভারত গড়ার ডাক দেন মোদি। ভারত থেকে জাতিপ্রথা, হিংসা ও সাম্প্রদায়িকতাকে উপড়ে ফেলার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯-এ আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে ক্রমেই বাড়ছে তরজা। ‘ফেডারেল ফ্রন্ট’ বাস্তবায়নের পথে। মোদিকে হটাতে হলে একযোগে লড়তে হবে এটা বুঝে গিয়েছে বিরোধীরা। তাই মতভেদ দূরে রেখে আপাতত হাত মিলিয়েছে তারা। তবে তা কতটা কার্যকর হবে তা সময়ই বলবে। একইভাবে ছক কষে ফেলেছে গেরুয়া শিবিরও। উত্তরপ্রদেশ ও রাজস্থান উপনির্বাচনে ধাক্কা খেয়ে কিছুটা সতর্ক পদ্ম শিবির। সমস্ত শক্তি নিয়ে আসরে নেমে পড়েছেন বিজেপির ‘সেনাপতি’ অমিত শাহ।
[মরা মানুষকে বাঁচিয়ে তোলার ‘ফর্মুলা’ জেনে ফেলেছিলেন বেহালার শুভব্রত]
দেখুন ভিডিও:
The post ‘হিংস্র হয়ে উঠছে বিরোধীরা’, নয়া ভিডিওয় তোপ মোদির appeared first on Sangbad Pratidin.
