shono
Advertisement

Breaking News

Haryana KMP Expressway Accident

তীর্থযাত্রায় বেরিয়ে আর ফেরা হল না, হরিয়ানা এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে মৃত ৬

অভিযুক্ত চালকের খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ।
Published By: Kousik SinhaPosted: 01:34 PM Sep 01, 2026Updated: 05:23 PM Sep 01, 2026

ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল ৬ পুণ্যার্থীর। ঘটনায় গুরুতর আহত ১৪ জন। মঙ্গলবার সকালে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুণ্ডলী-মানেসর-পালওয়াল এক্সপ্রেসয়েতে। জানা গিয়েছে, এদিন সকালে এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সজোরে ধাক্কা মারে পুণ্যার্থীবোঝাই একটি পিক-আপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

জানা গিয়েছে, রাখি উপলক্ষে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলা থেকে বেশ কয়েকজন পুণ্যার্থী তীর্থে বের হন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেশিরভাগেরই বাড়ি কিষানপুর মুরাইয়া, চান্ডা এবং মাকোয়ার বাসিন্দা। একটি গাড়ি ভাড়া করে প্রথমে রাজস্থানের একটি মন্দিরে যান। এরপর বৃন্দাবন দর্শন করেন। জানা যায়, সেখান থেকে মৈনপুরী জেলা অর্থাৎ নিজেদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়তে হয় তাঁদের। স্থানীয় একজন জানান, এদিন সকালে বিশাল একটা শব্দ শোনা যায়। এরপরেই এক্সপ্রেসওয়েতে এসে দেখি ভয়াবহ এই দুর্ঘটনা। ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, পিক-আপ ভ্যানটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় মানুষজনই প্রথমে উদ্ধার কাজে লাগান। দ্রুত আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, সকালের দিকে সম্ভবত চালকের চোখ ঘুমে লেগে আসে। আর সেই কারণেই এই দুর্ঘটনা। যদিও অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পর থেকেই পলাতক চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement