মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় পড়ল টাকার দাম (Indian Rupee Depreciation)! বুধবার সকালে লেনদেনের শুরুতে ৭০ পয়সা বেড়ে মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.১৭ টাকা। বিশেষজ্ঞদের বক্তব্য, পতনে রেকর্ড করেছে ভারতীয় মুদ্রা। সাম্প্রতিক অতীতে এত নিচে নামেনি টাকার দাম। উল্লেখ্য, সোমবারও এক ডলারের মূল্য ছিল ৯১.৪৯ টাকা।
ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাতে পেরিয়ে পঞ্চম দিনে পড়েছে। আপাতত কোনও তৈলবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করে আসছে না। ফলে, চাহিদা বাড়ছে তেলের। যেহেতু ভারতের আমদানিকৃত তেলের বেশিরভাগটাই আসে মধ্যপ্রাচ্যের ইরাক, সৌদি আরব, কুয়েতের মতো দেশ থেকে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির পর থেকে কমেছে রাশিয়ার থেকে তেল কেনা। সব মিলিয়ে চাপে রয়েছে ভারত। উল্লেখ্য, তেলের দাম বাড়লে অতিরিক্ত ডলার খরচ হয়। ফলে ডলারের চাহিদা বাড়ে। এমন হলে দুর্বল হয়ে পড়ে ভারতীয় মুদ্রা।
প্রসঙ্গত, এর আগেও পশ্চিম এশিয়ায় অশান্তির প্রভাব পড়েছে ভারতের টাকায়। এর কারণ অবশ্যই তেল। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে দালাল স্ট্রিটেও। একধাক্কায় ১৫০০ পয়েন্ট খুইয়ে ৮০ হাজারের নিচে নেমেছে সেনসেক্স। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। ৪০০ পয়েন্টের বেশি পড়েছে নিফটির সূচক। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে উদ্বেগ আরও বাড়ছে বিনিয়োগকারীদের।
