shono
Advertisement
Samik Bhattacharya

বঙ্গে বসতে শিল্প! মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে পর বিপুল বিনিয়োগের ইঙ্গিত শমীকের

ফেসবুক পোস্টে বৈঠকের বিস্তারিত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
Published By: Sucheta SenguptaPosted: 06:18 PM Jul 03, 2026Updated: 06:18 PM Jul 03, 2026

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শিল্প-খরা কাটাতে একাধিক পরিকল্পনা করেছে নতুন বিজেপি সরকার। টাটা-আদানির মতো সংস্থাগুলির সহযোগিতা নতুন শিল্প তৈরির নীল নকশা তৈরি হচ্ছে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ধাঁচে শিল্পপতিদের সঙ্গে মেগা আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, লাল ফিতের ফাঁস মুক্ত প্রশাসন, দক্ষ কারিগর-সহ নানা ইতিবাচক দিক তুলে ধরে বিনিয়োগ টানতে তৎপর রাজ্য সরকার। এরই মাঝে বৃহস্পতিবার মুম্বইয়ের শিল্পপতি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ফেসবুকে সেই খবর শেয়ার করে জানিয়েছেন তিনি নিজেই।

Advertisement

রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানই লক্ষ্য বিজেপি সরকারের। সেই লক্ষ্যে একের পর এক সদর্থক পদক্ষেপ করে চলেছেন 'টিম' শুভেন্দু অধিকারী। মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। নিজের ফেসবুকে সেই খবর শেয়ার করে তিনি জানান, মুম্বইয়ের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও শিল্পোন্নয়নের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উপস্থিত শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

শমীকের আরও বক্তব্য, ‘‘আমরা বিশ্বাস করি, শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার, শিল্পমহল এবং বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতা পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'' তৃণমূল জমানায় গত ১৫ বছরে রাজ্যে বহু শিল্প গড়ে ওঠা কিংবা বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হলেও তেমন কোনও ফলপ্রসূ কাজ হয়নি। তা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। ছাব্বিশের ভোটে ভরাডুবির পর সেসব ব্যর্থতা আরও প্রকট হয়। এবার পালাবদলের পর রাজ্যে সেই শিল্প, কর্মসংস্থানের অভাব মেটাতেই কার্যত ঝাঁপিয়ে পড়েছে বিজেপি সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement