shono
Advertisement
Abhijeet Dipke

'কেউ সন্ত নন', বিঁধেছিলেন সোনম ওয়াংচুক, এবার জবাব দিলেন 'ককরোচ' অভিজিৎ

অভিজিৎ দীপকের দাবি, সোনম ওয়াংচুক কোনওভাবেই তাঁদের নিন্দা করেননি।
Published By: Subhajit MandalPosted: 08:00 AM Sep 02, 2026Updated: 12:04 AM Sep 02, 2026

নিন্দা নয়। বরং প্রশংসাই করেছেন সোনম ওয়াংচুক। লাদাখের পরিবেশকর্মীর সাম্প্রতিক বক্তব্যকে সমালোচনা হিসাবে দেখতে নারাজ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলছেন, "সোনম স্যর আসলে আমাদের প্রশংসাই করেছেন। তাঁর বক্তব্যের ৯৯ শতাংশ বাদ দিয়ে আসলে ১ শতাংশ ভাইরাল করা হচ্ছে।"

Advertisement

দিন দুই আগে একটি সাক্ষাৎকারে সোনম ওয়াংচুক বলেন, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কারা কেউই সাধু-সন্ত নন। তাঁদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে। সম্প্রতি একটি পডকাস্টে সোনম বলেন, “ককরোচদের তিন নেতার সঙ্গেই আমি ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছি। তাঁরা কেউই আমাকে সরাসরি রাজনীতিতে আসার ইচ্ছার কথা বলেননি। তবে আমার ধারণা তাঁদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তবে এতে দোষের কিছু নেই। কারণ, তাঁরা কেউই সাধু নন, যে তাঁরা নিঃস্বার্থভাবে কাজ করে যাবেন।”

সোনম জানান, তিনি মনে করেন, ভারতের রাজনীতিতে আরও বেশি তরুণদের অংশগ্রহণ প্রয়োজন। যদি সিজেপি প্রতিষ্ঠাতারা শেষ পর্যন্ত সেই পথ বেছে নেন, তাতে কোনও দোষ নেই। তবে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন সোনম। বলেন, “ছাত্র আন্দোলন কোনও রাজনৈতিক দল বা কোনও ব্যক্তির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যম হয় না। ছাত্র আন্দোলন অরাজনৈতিক হওয়াই উচিত।” এখানেই শেষ নয়। সোনম দাবি করেছেন, যন্তর মন্তরে পুলিশের পদক্ষেপের পর যখন প্রতিবাদ মঞ্চটি ভেঙে ফেলা হয়, বহু আন্দোলনকারী প্রতিবাদস্থল ত্যাগ করেন, তখন সিজেপি নেতারা মনোবল হারিয়ে ফেলেন। এমনকী সরকারের সঙ্গে আলোচনার আগেই তাঁরা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন।

সোনমের ওই বক্তব্যে ককরোচ নেতাদের নিয়ে অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। যদিও অভিজিৎ দীপকের দাবি, সোনম ওয়াংচুক কোনওভাবেই তাঁদের নিন্দা করেননি। তিনি বলেন, "ভাইরাল হওয়া ক্লিপটিতে তাঁর বক্তব্যের মাত্র ১ শতাংশ তুলে ধরে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। বক্তব্যের ৯৯ শতাংশই কেটে বাদ দেওয়া হয়েছে।’’ রাজনীতিতে যোগ প্রসঙ্গে সোনমের বক্তব্যের জবাব দিতে গিয়ে দীপকে বলেন, "বক্তব্যের যথেষ্ট ভিত্তি রয়েছে। আমি নিজেও তো জানি না, কার ভবিষ্যতে কী রয়েছে।" দীপকে বলেন, "ওই সাক্ষাতেই সোনম স্যর আমাদের দুর্নীতিহীন, সৎ এবং দক্ষ বলেছেন। আমরা কতটা সৎভাবে আন্দোলন পরিচালনা করেছি সেটাও বলেছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement