shono
Advertisement

Breaking News

Sharad Pawer

মহারাষ্ট্রে ফের 'পওয়ার' প্লে, অজিতের স্ত্রী সুনেত্রাকে ব্রাত্য রেখে মিশছে দুই এনসিপি, কথা বিজেপির সঙ্গে

পরিস্থিতি কী দাঁড়াচ্ছে, আগামী দিনে এমন একটা অঙ্ক তৈরি হতে পারে যাতে দুই এনসিপি এক হয়ে বিজেপিকে সমর্থন করতে পারে। সেক্ষেত্রে সুনেত্রা পওয়ার এবং তাঁর ছেলে পার্থ পওয়ার ব্রাত্য থেকে যেতে পারেন।
Published By: Subhajit MandalPosted: 02:10 PM Jul 17, 2026Updated: 03:28 PM Jul 17, 2026

মহারাষ্ট্রে হচ্ছেটা কী? শরদ পওয়ার ঠিক কোন খেলাটা খেলছেন? এবার কি অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ারেরও হাতছাড়া হবে তাঁর স্বামীর দল? গত কয়েকদিনের রাজনৈতিক গতিপ্রকৃতিতে একের পর এক প্রশ্ন উঠছে। উত্তর সম্ভবত জানেন শুধু শরদ পওয়ার এবং দেবেন্দ্র ফড়ণবিস।

Advertisement

গত কয়েকদিনে কী কী হয়েছে? একনাথ শিণ্ডের সঙ্গে বৈঠক হয়েছে শরদ পওয়ারের। গোপনে তিনি দেখা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে। এরপর শরদ চলে গিয়েছেন নেপথ্যের কারিগরের ভূমিকায়। এবার এনসিপির অজিত শিবিরের সবচেয়ে প্রভাবশালী দুই নেতা প্রফুল্ল প্যাটেল এবং সুনীল তটকরে বুধবার রাতে আচমকা দলকে না জানিয়ে বৈঠক করলেন ফড়ণবিসের সঙ্গে। তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকের কথা নাকি জানতেনই না প্রফুল্ল প্যাটেলদের দলের সর্বভারতীয় সভানেত্রী সুনেত্রা পওয়ার। তিনি দুই নেতার কাছে কৈফিয়ত চাইলেন, ঠিক কীসের লক্ষ্যে দলকে না জানিয়ে ওই গোপন বৈঠক? দুই নেতাই বলছেন, রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়েছিলেন।

কিন্তু নেপথ্যে কী? ওয়াকিবহাল মহলের ধারণা, এ সবের নেপথ্যেই রয়েছে শরদ পওয়ারের খেলা। তিনি চাইছেন এনসিপির দুই শিবির আবার মিশে যাক। এবং সেটার নেতৃত্ব যাক তাঁর মেয়ে সুপ্রিয়া সূলের হাতে। সুনেত্রা পওয়ার সেটা চান না। সেকারণেই সুনেত্রাকে আড়ালে রেখে প্রফুল্ল প্যাটেল এবং তটকরেকে কাজে লাগাতে চাইছেন শরদ পওয়ার। ওই দুই নেতাই মারাঠা স্ট্রংম্যানের ঘনিষ্ঠ। বস্তুত শরদ চাইছেন প্রফুল্লদের নেতৃত্বে ফের অজিত পওয়ারের এনসিপির বেশিরভাগ নেতাকে ভাঙিয়ে নিতে। সেক্ষেত্রে দলের আসল 'ঘড়ি' প্রতীক এবং নামও ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে তাঁর। সেই কাজে যদি বিজেপি তাঁকে সাহায্য করে-তাহলে বিজেপিকেও সমর্থনে রাজি তিনি। ইতিমধ্যেই সে ইঙ্গিত সুপ্রিয়া সুলে দিয়ে রেখেছেন। তিনি প্রকাশ্যেই বলে দিয়েছেন, বিজেপি যদি আসন পুনর্বিন্যাস বিল আনার আগে তাঁদের শর্ত মেনে নেন, তাহলে সমর্থনের ব্যাপারে ভেবে দেখতে পারেন।

তাহলে পরিস্থিতি কী দাঁড়াচ্ছে, আগামী দিনে এমন একটা অঙ্ক তৈরি হতে পারে যাতে দুই এনসিপি এক হয়ে বিজেপিকে সমর্থন করতে পারে। সেক্ষেত্রে সুনেত্রা পওয়ার এবং তাঁর ছেলে পার্থ পওয়ার ব্রাত্য থেকে যেতে পারেন। আবার শোনা যাচ্ছে, শরদ পওয়ার সরাসরি এনডিএতে যোগ দিতে চান না। তিনি শুধু বিজেপির সাহায্য নিয়ে নিজের পুরনো দল ফিরে পেতে চান। বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপিকে সমর্থন করতে পারেন তিনি। আবার কংগ্রেসের সঙ্গেও নাকি দল মিশিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা করছেন তিনি। শেষ পর্যন্ত শরদ পওয়ার কী করবেন, সেটা তিনিই জানেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement