পুজোর ছুটিতে যারা সিকিম ভ্রমণে যেতে চাইছেন সাবধান! কারণ, এখন অফলাইনে কোনও কাজ হবে না। অনলাইন বুকিং প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। সেটাও আজ, মঙ্গলবার থেকে। হোটেল ও রিসর্ট, 'বেড অ্যান্ড ব্রেকফাস্ট', সার্ভিস অ্যাপার্টমেন্ট, হলিডে হোম, হোম স্টে এবং রেস্তরাঁ বুকিংয়ের জন্য সরাসরি নথিপত্র আদান-প্রদানের ব্যবস্থা এদিন থেকে বন্ধ করছে সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান চলাচল বিভাগ। পরিবর্তে চালু হচ্ছে অন লাইন বুকিং।
সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান চলাচল বিভাগ সূত্রে জানানো হয়েছে, প্রশাসনিক কাজ সহজ করা এবং পর্যটকদের কাছে আরও সহজে পরিষেবা পৌঁছে দিতে 'অনলাইন' ব্যবস্থা চালু করা হয়েছে। মঙ্গলবার থেকে সব আবেদন 'সিঙ্গেল সাইন-অন' পোর্টালের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। অনলাইন পরিষেবাগুলোর ক্ষেত্রে 'ব্যাঙ্ক রসিদ ব্যবস্থা' বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তে একটি অনলাইন পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা চালু করা হয়েছে। পেমেন্টের জন্য সাউন্ড-বক্স সহ কিউআর কোড ব্যবহার করা হবে। পেমেন্টের একমাত্র প্রমাণ হিসেবে কিউআর পেমেন্ট রসিদ গ্রহণ করা হবে। হোটেল ও রিসর্ট, 'বেড অ্যান্ড ব্রেকফাস্ট', সার্ভিস অ্যাপার্টমেন্ট, হলিডে হোম, হোমস্টে এবং রেস্তরাঁ বুকিংয়ের জন্য আবেদনপত্র সশরীরে জমা নেওয়া অথবা কাগজের নথিপত্র আদান-প্রদানের বন্ধ হচ্ছে।
যেসব পরিষেবায় এখনও অনলাইন সুবিধা চালু হয়নি — যেমন, ট্রাভেল এজেন্ট, অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর, আউটডোর ফটোগ্রাফার, ট্যুরিস্ট গাইড এবং রাঁধুনিদের বুকিং সেগুলোর জন্য আপাতত সশরীরে অথবা সরাসরি আবেদন জমা দেওয়ার পুরনো পদ্ধতি বহাল থাকবে। সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান চলাচল বিভাগ থেকে জেলা পর্যটন কর্মকর্তা এবং পর্যটন তথ্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কঠোরভাবে নিয়ম মেনে চলে। ডিজিটাল পেমেন্ট ও অনলাইন পরিষেবা প্রদানের ব্যবস্থায় সুষ্ঠু রূপান্তর নিশ্চিত ও সহজতর করা হয়।
