নিখোঁজ এবং উদ্ধার হওয়া শিশুদের শনাক্তকরণের জন্য সারা দেশে ডিএনএ এবং বায়োমেট্রিক পরিচয় ব্যবস্থা চালুর দাবিতে জমা পড়া একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
প্রসঙ্গত, এই আধুনিক ব্যবস্থার মূল লক্ষ্য শিশুদের পাচার রোধ করা এবং তাদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। শীর্ষ আদালত এই আবেদনের গুরুত্ব বিবেচনা করে কেন্দ্র সরকারকে তাদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তীতে এই মামলার শুনানিতে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করা হবে। সংবাদ সংস্থার খবর, রীপক কানসালের দায়ের করা আবেদনটি প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনকে (এনসিপিসিআর) নোটিস জারি করেছে।
মামলাকারীর দাবি, নিখোঁজ বা উদ্ধার হওয়া শিশুদের আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান ও ডিএনএ প্রোফাইলিংয়ের মতো বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হোক। এই ব্যবস্থা চালু হলে নিখোঁজ শিশু এবং আশ্রয়কেন্দ্রে থাকা শিশুদের পরিচয় সহজেই মেলানো সম্ভব হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে ভুয়ো পরিচয় তৈরি করে শিশুপাচার চালানো কঠিন হয়ে পড়বে। শুধু তাই নয়, এই অপ-প্রথা রুখতে আন্তঃরাজ্য সমন্বয় নিশ্চিত করে মানব-পাচারবিরোধী টাস্ক ফোর্স গঠনেরও দাবি করা হয়েছে সংশ্লিষ্ট আবেদনে। পাশাপাশি, গোটা প্রক্রিয়াটি যাতে দ্রুততার সঙ্গে পরিচালিত হয়, তা-ও পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন মামলাকারী।
