shono
Advertisement
Supreme Court

বৃহস্পতিতেই ডিএ মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট, কী রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের ভাগ্যে?

মেগা বৃহস্পতিবার। একদিকে রাজ্য বাজেট অন্যদিকে ডিএ মামলার রায়।
Published By: Subhankar PatraPosted: 09:17 PM Feb 04, 2026Updated: 09:29 PM Feb 04, 2026

বৃহস্পতিবার ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ ডিএ মামলায় রায় ঘোষণা করা হবে। এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা। তাঁদের ভাগ্যে কী  রয়েছে তা নির্ধারিত হবে আগামীকাল। রাজ্যবাসীর কাছে আগামিকাল মেগা বৃহস্পতিবার। একদিকে দুপুরে পেশ হবে রাজ্য বাজেট। সব কিছু ঠিক থাকলে তার আগেই ডিএ মামলার রায় দান হবে।

Advertisement

গত বছরের ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে ডিএ মামলার শেষ শুনানি হয়। তবে রায়দান স্থগিত রাখেন দুই বিচারপতি। প্রায় সবপক্ষের কথা শোনার পর রাজ্যকে নিজের বক্তব্য জানানোর জন্য আরও দু’সপ্তাহ সময় দিয়েছিল আদালত। কর্মচারীদের বক্তব্য জানাতেও এক সপ্তাহের সময় দেওয়া হয়। 

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলেছে শীর্ষ আদালতে। গত ১৬ মে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, ৪ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। যদিও রাজ্যের তরফে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি বারবার এই যুক্তি দেখান, ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না। তাতে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, তা না হলেও দিনের পর দিন টাকা এভাবে আটকে রাখা যায় না। তাই ন্যূনতমটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতেই হবে।

রাজ্য সরকার শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। সেই আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় দরকার। কারণ, বকেয়া মহার্ঘভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। অবশেষে ৮ সেপ্টেম্বর প্রায় সবপক্ষের বক্তব্য শোনা শেষ হয় আদালতে। রায়দান স্থগিত রাখেন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ। বৃহস্পতিবার সেই মামলার রায়দান করা হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement