shono
Advertisement
Tamil Nadu

এক সপ্তাহ কথা বলেনি, রাগে প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন মদ্যপ প্রেমিক! তারপর...

এক মহিলার সঙ্গে গত ছয় বছর ধরে সম্পর্কে অভিযুক্ত নাগার্জুনের। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। সপ্তাহ খানেক হল যুবকের সঙ্গে কথা বলা বন্ধ করেন প্রেমিকা। এরপরেই বোমা ছোড়ার ঘটনা।
Published By: Kishore GhoshPosted: 04:55 PM Sep 04, 2026Updated: 04:55 PM Sep 04, 2026

দেবদাসের এআই ভার্সন! ক'দিন হল কথা বলা বন্ধ করে দিয়েছে প্রেমিকা। সেই বেদনায় মদ্যপান বেড়ে গিয়েছিল তামিলনাড়ুর এক যুবকের। শেষতক রাগের মাথায় মদ্যপ অবস্থায় প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন ওই প্রেমিক যুবক। শুক্রবার সকালে তামিলনাড়ুর মাদুরাই জেলায় ঘটেছে নজিরবিহীন এই ঘটনা। পুলিশ আটক করেছে বেপরোয়া প্রেমিককে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম নাগার্জুন। এক মহিলার সঙ্গে গত ছয় বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। এরপর সপ্তাহ খানেক হল নাগার্জুনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন প্রেমিকা। এই দুঃখে, হতাশায় গলা অবধি মদ খান তিনি। শুক্রবার ভোরে ওই অবস্থায় একটি পেট্রল বোমা ছোড়েন প্রেমিকার বাড়ির কাছে। বোমার তীব্র শব্দে ঘুম ভেঙে যায় গোটা পাড়ার। যদিও তারা ঘর থেকে বেরোনোর আগেই ছুটে পালিয়ে যান অভিযুক্ত নাগার্জুন।

অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, তরুণীর বাড়ির সামনে দাঁড়িয়ে পেট্রল বোমা আগুন ধরাচ্ছেন নাগার্জুন। বোমা ছোড়ার পর পালিয়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়। এছাড়াও দোকানের বারান্দায় ঘুমোনো এক ব্যক্তিও অভিযুক্তকে দেখে ফেলেন। পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে অভিযুক্তকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্য়ে বাড়ন্ত অপরাধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তা নিয়ে তামিলনাড়ু বিধানসভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয় শাসক টিভিকে এবং বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে। উল্লেখ্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের হাতেই রয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement