'গতিদানব' এসইউভির সঙ্গে হুন্ডাই আই২০-র সংঘর্ষ গোয়ায়। দুর্ঘটনায় এক ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে এক পাঁচ মাসের শিশু। দু'জন যাত্রীর সামান্য চোট লেগেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির চালকের আসনে এক মহিলা ছিলেন। কিন্তু দুর্ঘটনার পর তাঁকে আড়াল করতেই অন্য একজনকে চালক বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এরপরই উত্তেজিত জনতা ওই গাড়িটি ভাঙচুর করে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
জানা গিয়েছে, গোয়ার আসগাঁওয়ের হ্যাপি বার জংশনে ওই দুর্ঘটনা ঘটেছে। ভোপাল থেকে এক পর্যটক পরিবার গোয়ায় বেড়াতে এসেছিল। বাকিদের সঙ্গে ছিলেন প্রবীণ ভগৎরাম শর্মাও, দুর্ঘটনায় যাঁর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসইউভি থর গাড়িটি দ্রুতগতিতে বিপরীত দিক থেকে ছুটে এসে ধাক্কা মারে ভগৎমারে পরিবারের আই২০ গাড়িটিকে। ঘাতক গাড়িটির চালকের আসনে ছিলেন এক মহিলা। কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতে তাঁকে চালকের আসন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেই অভিযোগ। এক ব্যক্তিকে দেখা যায় গাড়িটি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে। স্থানীয়দের প্রশ্নের উত্তরে নিজেকে চালক বলে পরিচয় দিয়ে তিনি দাবি করেন, গাড়িটি পার্ক করতে চেষ্টা করছেন।
ধাক্কাটি এতই প্রবল হয়েছিল যে, আই২০ গাড়ির সামনের অংশটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এমন এক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে। জানা গিয়েছে, ওই এসইউভি গাড়িটি ভাড়া করা। ইতিমধ্যেই সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। সকলকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগ দায়ের করা হয়েছে।
