সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েকটা দিন তারপরই গণপতি বা গণেশের আরাধনায় মেতে উঠবে মহারাষ্ট্র। শোনা যাবে ‘গণপতি বপ্পা মোরিয়া’র রব। বিখ্যাত বিশালাকায় ‘লালবাগের রাজা’ থেকে শুরু কর ‘জিএসবি গণেশ সেবা মন্ডল’। চোখ ধাঁধানো জাঁকজমকের উৎসবে মাতবে মানুষ। ইতিমধ্যে প্রায় শেষ হয়ে এসেছে শিল্পীদের কাজ। মণ্ডপে যাওয়ার জন্য অপেক্ষায় হাজার হাজার গণেশ মূর্তি। আর এই মূর্তি বানিয়েই তাক লাগিয়ে দিয়েছেন মুম্বইয়ের রমা। তবে অন্যান্য শিল্পীদের থেকে একটি বিশেষ কারণে ভিন্ন তিনি। চোখে কাপড় বেঁধে মূর্তি তৈরি করেন এই শিল্পী। দৃষ্টিশক্তির সাহায্য না নিয়েই ১৭ বছরে প্রায় ৩ লক্ষ গণেশ মূর্তি বানিয়েছেন তিনি।
নিজের আশ্চর্য্যজনক ক্ষমতার জন্য শুধু দেশেই নয়, বিদেশেও খ্যাতি পেয়েছেন এই মহিলা শিল্পী। ইতিমধ্যে ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’ নামের বিখ্যাত মার্কিন টেলিভিশন অনুষ্ঠানেও নিজের ক্ষমতার জন্য জায়গা করে নিয়েছেন রমা। মাত্র ৯৯ দিনে চোখ বাঁধা অবস্থায় ৯ হাজার ৯৯৯টি গণেশের মূর্তি বানিয়ে রেকর্ড গড়েছেন তিনি। এছাড়াও মাত্র তিন মিনিটে বিশ্বের সব থেকে ছোট গণেশ মূর্তি বানানোর কৃতিত্বও তাঁরই। তাঁর ঝুলিতে রয়েছে গিনিজ রেকর্ডও। নিজের হাতে বানানো ১৮ হাজার মূর্তির প্রদর্শনী করে ওই রেকর্ড গড়েন তিনি।
নিজের প্রতিভার জন্য ইতিমধ্যে দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়েছে রমার। তিনি একজন গৃহবধু। সংসার সামলেও বাচ্চাদের ‘আর্ট অ্যান্ড ক্র্যাফটে’র প্রশিক্ষণ দেন তিনি। অসমান্য দক্ষতা সত্বেও মূর্তিগুলির মতোই মাটির মানুষ তিনি।তাঁর বক্তব্য, ভগবান সবাইকে কিছু ভাল কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি শুধু নিজের কাজটুকুই করছেন। ২০০৪ সালে চোখ বাঁধা অবস্থায় গুজরাটের ভাবনগরে একটি গণেশের মূর্তি তৈরি করে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিয়েছিলেন তিনি।
[কর্মক্ষেত্রে সকলের ‘প্রিয়’ হয়ে উঠতে চান, কী কী করবেন?]
The post চোখ বেঁধে ৩ লক্ষ গণেশ মূর্তি গড়ে নজির শিল্পীর appeared first on Sangbad Pratidin.
