লোকসভায় সোমবার রেল মন্ত্রকের বরাদ্দ সংক্রান্ত আলোচনায় কেন্দ্রীয় সরকারের রেল নীতিকে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ জুন মালিয়া (June Malia)। তিনি বলেন, ভারতীয় রেল দেশের জীবনরেখা-এখানে প্রতিদিন কৃষক, ছাত্র, শ্রমিক, অ্যাথলিট ও জওয়ানরা যাতায়াত করেন। কিন্তু বাস্তবে রেল পরিষেবা ও উন্নয়নে বৈষম্য স্পষ্ট। উন্নয়ন নিয়ে বড় বড় ঘোষণা নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই সরকারের দায়িত্ব বলেও কটাক্ষ করেছেন তিনি।
এদিন জুন (June Malia) অভিযোগ করেছেন, বিভিন্ন রাজ্যে রেল বরাদ্দ বহু গুণ বাড়লেও পশ্চিমবঙ্গে সেই বৃদ্ধি মাত্র তিনগুণ। গুজরাত, দিল্লি বা উত্তরপ্রদেশে দ্রুত প্রকল্প এগোলেও বাংলাকে কার্যত 'স্লো প্যাসেঞ্জার লাইনে' ফেলে রাখা হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, "যে বাংলা একসময় দেশের রেল ব্যবস্থার ভিত গড়ে দিয়েছে, সেই রাজ্যই এখন অবহেলার শিকার।" এ প্রসঙ্গে তিনি বলেন, "অমৃত ভারত প্রকল্পে বাংলার ১০১টি স্টেশন উন্নয়নের অনুমোদন হলেও কাজ শেষ হয়েছে মাত্র তিনটিতে। 'কবচ' নিরাপত্তা ব্যবস্থার কভারেজও অত্যন্ত কম। বরাদ্দ থাকলেও বহু ক্ষেত্রে অর্থ খরচ না হওয়ায় যাত্রী পরিষেবার উন্নতি থমকে রয়েছে।"
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ পশ্চিমবঙ্গের উন্নয়নের উদাহরণ তুলে ধরে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সড়ক, স্বাস্থ্য ও সামাজিক পরিকাঠামোয় ধারাবাহিক কাজ করছেন। অথচ কেন্দ্রীয় রেলের প্রকল্প বাস্তবায়নে সেই গতির ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। রেলমন্ত্রী হিসেবে মমতার জমানায় সঙ্গে রেলের বর্তমান জমানার তুলনা টেনে কেন্দ্রের সমালোচনায় মুখর হন তৃণমূল সাংসদ। জঙ্গলমহল এলাকার হাতির করিডর দিয়ে যাওয়া রেলপথে দুর্ঘটনা রুখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ারও দাবি জানান জুন। রেলে বয়স্ক মানুষ ও সাংবাদিকদের টিকিটে ছাড় আবার চালু করা হোক বলেও জোরালো দাবি করেছেন তিনি।
