কমিশন-তৃণমূলের সংঘাত এর নতুন মোড় আসন্ন। জ্ঞানেশ কুমারের বঙ্গ সফরের মধ্যেই ইমপিচমেন্টের (Gyanesh Kumar Impeachment) তোড়জোড় তৃণমূলের। দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার লক্ষ্যে জোরদার তৎপরতা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। আগামী সপ্তাহের শুরুতেই দু’দিনের জন্য রাজ্য সফরে আসছেন জ্ঞানেশ। ঠিক সেই সময় থেকেই শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আর সেই সমান্তরাল মুহূর্তকেই রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে তৃণমূল শিবির।
দলীয় সূত্রের খবর, জ্ঞানেশের কলকাতা সফরের মধ্যেই লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিস জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। নিয়মমাফিক লোকসভায় এই প্রস্তাব আনতে প্রয়োজন অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিরোধী শিবিরে সমর্থন জোগাড়ের কাজ শুরু হয়েছে। তবে প্রয়োজনে রাজ্যসভায় ৫০ জন সাংসদের সই-সহ প্রস্তাব আনার বিকল্প পথও খোলা রাখা হয়েছে। যদিও সংখ্যার নিরিখে লোকসভাকেই বেশি গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির।
সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে-সহ প্রথম সারির বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা দ্রুততর করা হয়েছে। বাজেট অধিবেশনের প্রথম পর্বেই তৃণমূল ঘোষণা করেছিল, দ্বিতীয় পর্বে তারা এই ইস্যুতে সরব হবে। সে সময় সমাজবাদী পার্টি ও শিবসেনা উদ্ধব গোষ্ঠী প্রকাশ্যেই সমর্থনের বার্তা দিয়েছিল। কংগ্রেসও ইতিবাচক মনোভাব দেখায়। এদিকে তৃণমূলের লোকসভার উপদলনেতা শতাব্দী রায় ইতিমধ্যেই চারজন নির্দল সাংসদের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন বলেই সূত্রের দাবি। তাঁদের সিংহভাগই প্রস্তাবে সই করতে রাজি হয়েছেন বলে খবর।
সব কিছু পরিকল্পনামাফিক এগোলে, একদিকে যখন জ্ঞানেশ কুমার কলকাতায় প্রশাসনিক বৈঠকে ব্যস্ত থাকবেন, অন্যদিকে দিল্লিতে তাঁর ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হবে। বঙ্গ সফরের আবহেই জাতীয় রাজনীতিতে বাড়তে পারে চাপানউতোর-এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
