shono
Advertisement
Vande Bharat Express

বন্দে ভারতের ৭০০ টাকার টিকিট ৩৮০ টাকায় বেচতে গিয়ে ধরা পড়লেন টিকিট চেকার!

রেলের তরফে জানানো হয়েছে ওই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 12:43 PM May 13, 2026Updated: 03:26 PM May 13, 2026

৭০০ টাকার টিকিট। কিন্তু তা পাওয়া যাবে ৩৮০ টাকাতেই। ভাইরাল হওয়া এক ভিডিওয় এমনই কথা বলতে শোনা গিয়েছে এক টিটিই-কে। এরপরই ওই টিকিট চেকারকে বরখাস্ত করা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। 'ঘর কে কালেস' নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওয় অভিযুক্ত টিকিট চেকার ও এক যাত্রীকে কথা বলতে শোনা যাচ্ছে। ভিডিওটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে।

Advertisement

বহু ইউজার প্রশ্ন তোলেন, ওই আধিকারিক সাহায্য করার চেষ্টা করছিলেন, নাকি তিনি কোনো অসদাচরণে লিপ্ত ছিলেন। আসলে ভিডিওয় ওই চেকার যাত্রীকে বলেন, তিনি ৭০০ টাকার টিকিট ৩৮০ টাকাতেই বন্দোবস্ত করে দিতে পারবেন। কিন্তু যাত্রী এহেন প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলার পর তিনি তাঁকে বোঝাতে থাকেন পুরো বিষয়টা। যেহেতু ক্লিপটি অসম্পূর্ণ, তাই সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার নয়। তবে প্রশ্ন উঠেছে, কী করে একজন সরকারি আধিকারিক এমন প্রস্তাব দিতে পারেন। পরে রেলের তরফে জানানো হয়, তারা ওই আধিকারিককে বরখাস্ত করেছে।

তবে সকলে যে অভিযুক্ত চেকারের সমালোচনা করেছেন সেটাও নয়। অনেকের দাবি, ওই চেকার আসলে যাত্রীদের সস্তায় টিকিটের ব্যবস্থা করে দিতে চাইছিলেন। তাঁর উপকার করাই ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল। তবে বিষয়টা যাই হোক, এই ভিডিও রেলের টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement