সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন উত্তরপ্রদেশে মহিলা নিরাপত্তা ও আইন আঁটসাট করতে কড়া পদক্ষেপ নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তখন অন্যদিকে তাঁরই দলের মন্ত্রী বিয়ার বারের উদ্বোধন করে বিতর্কে জড়াচ্ছেন।
গত ২০ মে লখনউয়ের গোমতী নগর এলাকায় একটি বিয়ার বার উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন উত্তরপ্রদেশের প্রতিমন্ত্রী স্বাতী সিং। বারের নাম ‘বি দ্য বিয়ার।’ অনুষ্ঠানে যেসব ছবিগুলি তোলা হয়েছিল, তাতে সাফ দেখা যাচ্ছে, বারের রিবন কেটে উদ্বোধন করেন স্বাতী। মেনু কার্ডও তাঁরই হাতে। আর উদ্বোধনের এই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন মন্ত্রী। স্বাতী সিংয়ের থেকে গোটা বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। শুধু তাই নয়, ওই উদ্বোধনে শামিল ছিলেন রায় বরেলির এসপি গৌরব সিং ও উন্নাও নেহা সিং। জানা গিয়েছে, ডিউটি শেষ না করেই সেই অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়ে গিয়েছিলেন তাঁরা। যেখানে দেশের বিভিন্ন রাজ্যে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, সেখানে কীভাবে বিয়ার বার খুলতে মন্ত্রী ও পুলিশরা সমর্থন জানাতে পারেন, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে। লখনউয়ের ইন্সপেক্টর জেনারেল জয় নারায়ণ সিং বিস্তারিত রিপোর্ট দাবি করেছেন।
[ফের টুইটারে হাজির অভিজিত, দেশদ্রোহীদের তোপ গায়কের]
গোটা ঘটনার বিরুদ্ধে সরব বিরোধী দলের নেতারা। সমাজবাদী পার্টির মুখপাত্র বলেন, “এই ঘটনাতেই বিজেপি দলের দ্বিচারিতা স্পষ্ট ফুটে ওঠে। তারা মুখে বলে এক, কিন্তু কাজে করে অন্য।” কংগ্রেস নেতা দ্বিজেন্দ্র ত্রিপাঠী বলেন, “সাধারণ মানুষের মন জয় করার জন্যই ভাল ভাল কথা বলেন বিজেপি নেতারা। এমনকী মদ নিষিদ্ধ করার কথাও বলে। অথচ সেই দলের মন্ত্রীই বিয়ার বার উদ্বোধন করেন। এমনকী বারের লাইসেন্স আছে না নেই, তাও স্পষ্ট নয়।” যে রাজ্যের মহিলারাই মদের উপর নিষেধাজ্ঞার দাবি জানান, সেখানে মহিলা কল্যাণ প্রতিমন্ত্রী স্বাতী সিংয়ের এমন কাজে বেশ বিপাকে বিজেপি।
[মোদির রাজ্যেই কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছুড়ল যুবক]
The post মন্ত্রীর ‘বিয়ার বার’ উদ্বোধন নিয়ে তীব্র বিতর্ক, ব্যাখ্যা চাইলেন যোগী appeared first on Sangbad Pratidin.
