shono
Advertisement
Uttar Pradesh

মহিলাদের বছরে ৫০ হাজার, নির্বাচনের মুখে যোগীরাজ্যে নয়া প্রকল্প! 'ভোট কেনার চেষ্টা', তোপ অখিলেশের

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিগত লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে প্রমীলা ভোটের শক্তি টের পেয়েছে বিজেপি। এই অবস্থায় তাদের নয়া জনকল্যাণমূলক প্রকল্প বড়সড় রাজনৈতিক চাল হতে পারে।
Published By: Kishore GhoshPosted: 06:14 PM Aug 13, 2026Updated: 06:25 PM Aug 13, 2026

খয়রাতির রাজনীতির বিরুদ্ধে বহুবার গলা চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে আরও একটি খয়রাতির প্রকল্প শুরু হতে চলেছে বলে খবর। নয়া প্রকল্পে মহিলাদের বছরে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা বিবেচনা করছে যোগী আদিত্যনাথ সরকার। যোগ্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) অর্থ প্রদান করা হতে পারে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি দক্ষতার প্রকল্পের সুবিধা দিয়েও মহিলাদের সাহায্য করা হতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসতেই গলা চড়িয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তাঁর কটাক্ষ, অপশাসন ঢাকতে টাকার বিনিময়ে ভোট কিনতে চাইছে গেরুয়া পার্টি।

Advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিগত লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে প্রমীলা ভোটের শক্তি টের পেয়েছে বিজেপি। এই অবস্থায় তাদের নয়া জনকল্যাণমূলক প্রকল্প বড়সড় রাজনৈতিক চাল হতে পারে। সূত্রের খবর, রাজ্যের যোগ্য মহিলা নাগরিকদের অ্যাকাউন্টে ভোটের আগেই ২০ হাজার টাকা পাঠানো হবে। বাদবাকি অর্থ দশ হাজার টাকা তিনটি ইনস্টলমেন্টে ট্রান্সফার হবে। বিজেপির এই প্রকল্প নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক অখিলেশ যাদব। তিনি লিখেছেন, "নির্বাচন জেতার জন্য বিজেপির হাতে এখন অর্থ ছাড়া আর কিছুই নেই। সেই অর্থও এসেছে পাপকর্ম থেকে। যা উত্তরপ্রদেশের ধর্মপ্রাণ নারীরা কখনওই মেনে নেবেন না।"

সমাজবাদী পার্টির নেতা প্রশ্ন তোলেন, ভোটের আগেই কেন প্রকল্প? এতদিন দেওয়া হয়নি কেন? তাঁর বক্তব্য, "বিষয়টাকে এভাবে দেখুন, বিজেপি সরকার আজ বছরে যে ৫০,০০০ টাকা দেওয়ার কথা বলছে, তা গত ১০ বছরেও দিতে পারত। কিন্তু দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের নারীদের অধিকার ও কল্যাণের জন্য বরাদ্দ হাজার হাজার কোটি টাকা নিজের প্রচারে খরচ করেছেন। সবাইকে বুড়ো আঙুল দেখিয়েছেন।"

রাম মন্দিরের অনুদান চুরি, নিট প্রশ্নফাঁস আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রসঙ্গ টেনে অখিলেশ বলেন, "জনরোষের আশঙ্কায় বিজেপির নেতা, সহযোগী, কর্মী ও সমর্থকরা আত্মগোপন করে আছে। এমনকী কেউ বিজেপির হয়ে নির্বাচনে লড়ার টিকিট নিতে চাইছে না। অনুদানের অর্থ আত্মসাৎ এবং পড়ুয়াদের ওপর হামলার ঘটনার পর বিজেপির আর কোনও নৈতিকতা বা সাহস অবশিষ্ট নেই। তাই তারা এখন অর্থের ওপরই নির্ভর করছে।" যদিও মহিলাদের জন্য নতুন প্রকল্পের বিষয়টি এখনও ঘোষণা করেনি যোগী সরকার।

উল্লেখ্য, বিজেপির সমালোচনা করলেও খয়রাতির পথেই হাঁটছে সমাজবাদী পার্টি। অখিলেশ জানিয়েছেন, তাঁরা ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৪০ হাজার টাকা করে দেবেন। প্রতিবছর এই অর্থ বা়ড়ানোও হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement