shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পাঞ্চলে অত্যাধুনিক ডেটা সেন্টার, প্রকল্পে খরচ ৪০০ কোটি

এবার যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পাঞ্চলে (ইয়েডা) তৈরি হতে চলেছে একটি বিশাল ‘হাইপারস্কেল ডেটা সেন্টার’। প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্পটি গড়তে চলেছে বি. কে. সেলস কর্পোরেশন। সম্প্রতি সংস্থার হাতে ৫ একর জমির বরাদ্দপত্র তুলে দেন ইয়েডা-র সিইও রাকেশ কুমার সিং।
Published By: Buddhadeb HalderPosted: 06:20 PM Feb 20, 2026Updated: 06:23 PM Feb 20, 2026

উত্তরপ্রদেশকে প্রযুক্তি ও ডিজিটাল দুনিয়ার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড় পদক্ষেপ করল যোগী আদিত্যনাথ সরকার। এবার যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পাঞ্চলে (ইয়েডা) তৈরি হতে চলেছে একটি বিশাল ‘হাইপারস্কেল ডেটা সেন্টার’। প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্পটি গড়তে চলেছে বি. কে. সেলস কর্পোরেশন। সম্প্রতি সংস্থার হাতে ৫ একর জমির বরাদ্দপত্র তুলে দেন ইয়েডা-র সিইও রাকেশ কুমার সিং।

Advertisement

ডিজিটাল পরিকাঠামোর নিরিখে উত্তর ভারতের জন্য এই প্রকল্পকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তনী করণ গুপ্তের নেতৃত্বে তৈরি হতে চলা এই ডেটা সেন্টারে থাকবে দু’টি অত্যাধুনিক ভবন। যেখানে প্রায় ৭ হাজার সার্ভার র‍্যাক বসানো হবে। আগামী ১৮ মাসের মধ্যে এই তথ্যভাণ্ডার চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে তথ্য সঞ্চয়, ক্লাউড পরিষেবা এবং এআই (AI) প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে। কর্মসংস্থান হবে অন্তত ১০০ জন উচ্চশিক্ষিত পেশাদারের। পরিবেশের কথা মাথায় রেখে এখানে সৌরবিদ্যুৎ ও অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হবে। প্রস্তাবিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই প্রকল্প হওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রুত গতির ফাইবার নেটওয়ার্কের সুবিধাও মিলবে।

কেবল প্রযুক্তি নয়, যমুনা অঞ্চলে উৎপাদনের চাকা ঘোরাতে এবার এগিয়ে এল বিদেশের সংস্থাও। ইতালির বিখ্যাত ‘সিমপ্লাস্ট গ্রুপ’ অটোমোবাইল শিল্পের জন্য এখানে প্লাস্টিক ও রোটেশনাল মোল্ডিং তৈরির কারখানা গড়ছে। প্রায় ৭০ কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পে ৫০ শতাংশই হবে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI)। ৩ একর জমির এই প্রকল্পটি চালু হলে স্থানীয় সরবরাহ ব্যবস্থা ও ক্ষুদ্র শিল্পাঞ্চল এক নতুন অক্সিজেন পাবে। এর ফলে দক্ষ ও অদক্ষ— দুই স্তরেই ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মূলত ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে সফল করতে এখান থেকে উৎপাদিত পণ্য দেশের পাশাপাশি বিদেশেও রফতানি করা হবে। উত্তরপ্রদেশের লগ্নিবান্ধব পরিবেশ এবং ‘সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থার কারণেই যে এই বিপুল লগ্নি সম্ভব হয়েছে, তা নিয়ে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement