সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। নিরাপত্তার অবস্থাও তথৈবচ। এবার মুম্বই থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে যাত্রীদের মাদক খাইয়ে প্রায় ১২ লক্ষ টাকা লুট করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেসে। বুধবার সকালে দিল্লির নিজামুদ্দিন স্টেশনে আরপিএফ-র কাছে ডাকাতির অভিযোগ দায়ের করেছেন ট্রেনের যাত্রীরা।
[ কেরলে ‘ব্লু হোয়েল’-এর খপ্পরে পড়ে আত্মঘাতী কিশোর! ]
মুম্বই থেকে দিল্লি যাওয়ার পথে, রাজস্থানের কোটায় আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেসের চালক ও গার্ড বদল হয়। যাত্রীদের অভিযোগ, কোটায় দীর্ঘক্ষণ কার্যত অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে ছিল ট্রেন। এরপর রাতে খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। সকালে উঠে দেখেন, নগদ টাকা, পাসপোর্ট, আধার কার্ড, মোবাইল সর্বস্ব লুট হয়ে গিয়েছে। আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেসের এক মহিলা যাত্রী বলেন, ‘আমার নগদ ৫০ হাজার টাকা ও বহু মূল্যবান সামগ্রী খোয়া গিয়েছে। শুনলাম, ট্রেনের সাত-আটটি কামরাতেও একই ঘটনা ঘটেছে।’ তিনি বলেন, যাত্রীদের অনেকেই হঠাৎ করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। ঘুম থেকে উঠে তাঁরা দেখেন, ম্যানিবাগ, নগদ টাকা সব উধাও হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ট্রেনের কর্মীদের গোটা বিষয়টি জানান যাত্রীরা। কিন্তু কোনও লাভ হয়নি বলে অভিযোগ। আর এক যাত্রী অলকা জৈনের দাবি, তাঁর মানিব্যাগ, আইফোন, পাসপোর্ট, আধার কার্ড ও নগদ ১৮ হাজার টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। তিনি বলেন, ‘আমি যখন বুঝতে পারলাম যে, আমার ব্যাগ খোয়া গিয়েছে, তখন দেখি অন্য কামরা থেকে আর এক মহিলা চোর চোর বলে চিৎকার করছেন।’ আগস্ট ক্রান্তি এক্সপ্রেসের ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে রেলওয়ে পুলিশ ফোর্স বা আরপিএফ।
[ স্বাধীনতা দিবসের ভাষণ সম্প্রচার করেনি দূরদর্শন, অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ]
তবে রাজধানী এক্সপ্রেসে ডাকাতির ঘটনা এই প্রথম নয়। গত এপ্রিল মাসে বিহারে দিল্লি-পাটনা রাজধানী এক্সপ্রেসে ঘুমন্ত যাত্রীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের গয়না ও নগদ টাকা লুট করেছিল দুষ্কৃতীরা।
[ বাতিল হল ৮১ লক্ষ আধার, আপনারটাও তালিকায় নেই তো? ]
The post রাজধানী এক্সপ্রেসে যাত্রীদের মাদক খাইয়ে লুট নগদ ১২ লক্ষ টাকা appeared first on Sangbad Pratidin.
