পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লাখ নাম বাদ পড়েছে! কিন্তু বাংলার ভোটে কোনও প্রভাবই পড়বে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ-ও জানিয়ে দিলেন, তাঁর দল তৃণমূল আরও বেশি আসনে জিতবে।
এসআইআর-এ 'ক্ষতিগ্রস্ত' পরিবারের লোকেদের নিয়ে দিল্লি সফরে গিয়েছেন মমতা। সোমবার তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে বৈঠক বয়কট করেন তিনি। এর পর মঙ্গলবার তিনি বঙ্গভবনে 'ক্ষতিগ্রস্ত'দের পরিবারদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এসআইআর-এর পর বাংলায় যে বিধানসভা ভোট হতে চলেছে, তাতে তৃণমূলের রণনীতি কী হবে। তার জবাবেই মমতা বলেন, "আমি এখন রণনীতি তো বলব না। আমি আমার দলের আলোচনা করব। আমাদের অনেক সাংসদ, বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট রয়েছে। আমি নিজে একা কোনও সিদ্ধান্ত নেব না তো। আমাদের গণতান্ত্রিক দল। আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব।"
মমতা বলেন, "ধরুন, যদি আপনার বেতন থেকে ২০ টাকা কেটে নেওয়া হয়, আপনি টিউশন করে সেই টাকা তুলে নিতে পারেন। বিজেপির লোকজনই আমাদের ভোট দিয়ে দেবে।"
এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্নে তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছে তৃণমূল। মমতা জানান, বিচারব্যবস্থার প্রতি তাঁর আস্থা রয়েছে। তাঁর আশা, তিনি আদালতে বিচার পাবেন। আর যদি না পান, তা হলে অন্য উপায় নিয়েও ভাববেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা। কিন্তু তিনি নিশ্চিত, এবারের ভোটে বাংলায় বিজেপি জিতবে না। শুধু তা-ই নয়, গতবারের চেয়েও এবার বেশি আসনে জিতে ক্ষমতা আসবে তৃণমূলই। মমতার কথায়, "বিজেপি বাংলায় আসবে না। মানুষ বিজেপিকে ঘৃণা করে।" তৃণমূলনেত্রীর বক্তব্য, বিজেপির ভোটারেরাই তৃণমূলকে ভোট দিয়ে জেতাবে। মমতা বলেন, "ধরুন, যদি আপনার বেতন থেকে ২০ টাকা কেটে নেওয়া হয়, আপনি টিউশন করে সেই টাকা তুলে নিতে পারেন। বিজেপির লোকজনই আমাদের ভোট দিয়ে দেবে।"
