সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতর্কিতে মহিলাদের চুলের বিনুনি কেটে নেওয়া হচ্ছে। এমন অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশ-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে। আর এবার উত্তরপ্রদেশের আগ্রায় এই চুল কেটে নেওয়া নিয়ে গুজবের বলি হলেন পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধা। ওই বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে তাঁরই দুই প্রতিবেশী পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ।গ্রামবাসীদের দাবি, ওই বৃদ্ধা নাকি ঘুমিয়ে থাকা এক যুবতীর চুল কেটে নেওয়ার চেষ্টা করেছিলেন। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক।
[নতুন দল গড়তে পারেন জেডি(ইউ) নেতা শরদ যাদব, জল্পনা তুঙ্গে]
পুলিশ সূত্রে জানা গিয়ে্ছে, মৃত ওই বৃদ্ধার নাম মন দেবী। আগ্রায় মূতনানি গ্রামে ছেলের সঙ্গে থাকতেন তিনি। বুধবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন মন দেবী। ফেরার সময়ে তাঁকে দেখতে পেয়ে গ্রামবাসীদের খবর দেন গ্রামেরই এক যুবতী। এরপরই মন দেবীর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করতে শুরু করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে মারা যান তিনি। মন দেবীর ছেলে গুলাব সিং বলেন, ‘ ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করছিল মা। বারবার বলছিল, আমি ডাইনি নই। কিন্তু কেউ কোনও কথা শুনল না।’
[প্লাবিত অসম পরিদর্শনে রাহুল, উঠছে রাজনীতির অভিযোগ]
প্রসঙ্গত, পশ্চিম উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা বছর সতেরোর এক কিশোরী দাবি করে, সে যখন ঘুমিয়ে ছিল, তখন তার বিনুনি কেটে নেওয়া হয়। এরপরই স্থানীয় গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, ডাইনি নাকি মহিলাদের বিনুনি কেটে নিচ্ছে। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে পাঁচ থেকে ছ’টি এইরকম ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
[‘ডিজিটাল’ হচ্ছে বাবা রামদেবের পতঞ্জলি, বিক্রি বাড়াতে ফেসবুক-গুগলের সঙ্গে গাঁটছড়া]
The post চুল কেটে নেওয়ার গুজব, আগ্রায় গণপিটুনিতে মৃত্যু বৃদ্ধার appeared first on Sangbad Pratidin.
