shono
Advertisement

সন্তানকে ফিরিয়ে আনতে নর্দমার নোংরা জল পান করলেন এই মা

মাদার্স ডে-তে রইল এক মায়ের হৃদয় বিদারক অভিজ্ঞতার ঘটনা৷ The post সন্তানকে ফিরিয়ে আনতে নর্দমার নোংরা জল পান করলেন এই মা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM May 14, 2017Updated: 03:38 PM May 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মাতৃ দিবসে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থাকল আগ্রা৷ সন্তানের জন্য পয়সা বাঁচাতে নর্দমার নোংরা জল পান করলেন মা৷

Advertisement

ডিমাপুরের বাসিন্দা বছর ২২-এর রীতা কর্মসংস্থানের জন্য দিন পাঁচেক আগে আগ্রায় এসেছিলেন৷ তাঁর কোলে দুই ছোট্ট সন্তান৷ কিন্তু কোনও ঠিকা কাজের সন্ধান না পেয়ে পথের ধারেই দিন গুজরান করতে হয় তাঁকে৷ তাঁর এক সন্তান নাগাল্যান্ডের এক অসাধু ব্যবসায়ীর কাছে গচ্ছিত রাখা আছে৷ সেই সন্তানকে উদ্ধার করে আনতে দরকার মোটা অঙ্কের টাকা৷ তাই কাজের সন্ধানে ভিটেমাটি ছেড়ে রীতা এসেছেন আগ্রায়৷ কিন্তু কাজের সন্ধান না পেয়ে খিদে, জলতেষ্টায় কাতর, অসহায় মা’কে নর্দমার নোংরা জল পান করতে হল৷

শনিবার রাতে তাঁকে শাহ মার্কেট এলাকায় নর্দমা থেকে থেকে জলপান করতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ একা মা নন, তাঁর কোলের মাত্র দেড় বছরের সন্তান অরুণ ও তিন বছরের মে নন্দিনীকেও সেই জলই পান করতে দেন রীতা৷ হৃদয় বিদারক এই দৃশ্য দেখে স্থানীয় এক দোকানি রীতার দিকে জলের পাউচ এগিয়ে দেন৷ ওই দোকানি জানতে পারেন, রীতার কাছে একটিও পয়সা নেই৷ গত পাঁচদিন ধরে কোনও ঠিকা কাজেরও সন্ধান পাননি তিনি৷ শেষ পর্যন্ত ওই দোকানি ও স্থানীয় কয়েকজন বাসিন্দা মানবাধিকার কর্মী নরেশ পরাশরকে খবর দেন৷ নরেশ বলছেন, “গত চারদিন ধরে রীতা ও তাঁর সন্তানরা ফুটপাতে, ডাস্টবিনে ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়ে রয়েছে৷ ভাষার সমস্যার জন্য কেউ তাঁর কথাও বুঝতে পারছিল না৷ পুলিশও এগিয়ে আসেনি৷”

নরেশই ‘আশা জ্যোতি কেন্দ্র লখনউ’ সংস্থার সঙ্গে যোগাযোগ করেন৷ তখন এক কাউন্সিলরকে পাঠানো হয় ওই মহিলার ভাষা বোঝার জন্য৷ নরেশ আরও জানিয়েছেন, অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য নাগাল্যান্ডে স্থানীয় মহাজনের কাছে নিজের সাত বছরের সন্তানকে বন্ধক রেখেছিলেন রীতা৷ কিন্তু তাঁর স্বামী শেষ পর্যন্ত মারা যান৷ নিজের সন্তানকে ওই মহাজনের কাছ থেকে ফেরত আনতে ব্যর্থ হন রীতা৷ এক ভাইয়ের সঙ্গে আগ্রাতে কাজের খোঁজে এসেছিলেন তিনি৷ কিন্তু সেই ব্যক্তিও তাঁকে ফেলে চম্পট দেয়৷ নাগাল্যান্ডে চা-বাগানে কাজ করে দৈনিক ৪০ টাকা রোজগার করেন রীতা৷ তাঁর কাছ থেকে গোটা ঘটনা শুনে নরেশ পরাশর নাগাল্যান্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করেন৷ তাঁরাই নিশ্চিত করেন, রীতা ডিমাপুরের বাসিন্দা৷ ডিমাপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আকুম লাম জানিয়েছেন, রীতাকে ব্রহ্মপুত্র মেল-এ চাপিয়ে সন্তান-সহ ডিমাপুরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে৷ শুধু তাই নয়, রীতার বন্ধক রাখা সন্তানকেও দ্রুতই ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷

The post সন্তানকে ফিরিয়ে আনতে নর্দমার নোংরা জল পান করলেন এই মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার