সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতে এখন দলিতদেরও কাছে টানতে চাইছে বিজেপি৷ পশ্চিমবঙ্গে সফরে এসে শিলিগুড়ির নকশালবাড়িতে এক দলিত দম্পতির বাড়িতেই মধ্যহ্নভোজ সেরেছিলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ দলের সর্বভারতীয় সভাপতির দেখানোর পথে হেঁটে এক দলিত পরিবারের বাড়িতে গিয়েছিলেন তিনিও৷ কিন্তু বাড়ির থাবার নয়, হোটেল থেকে আনা খাবার খেয়েই প্রাতঃরাশ সারলেন কর্নাটকের বিজেপির রাজ্য সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ এই ঘটনায় দানা বেঁধেছে বিতর্ক৷ ইয়েদুরাপ্পা সহ অন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে অস্পৃশ্যতার অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে৷
[গোদুগ্ধ দিয়ে ইফতার, অভিনব ভাবনা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের]
জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার টুমকুরুতে এক দলিত পরিবারে বাড়িতে প্রাতঃরাশ করে যান বিএস ইয়েদুরাপ্পা৷ তাঁর সঙ্গে দলের প্রবীণ নেতা কেএস ঈশ্বরাপ্পা, অনন্ত কুমার-সহ আরও বেশ কয়েকজন৷ ইডলি ও বড়া দিয়ে প্রাতঃরাশ সারেন তাঁরা৷ কিন্তু সেই খাবার নাকি ওই দলিত পরিবারের বাড়িতে তৈরি হয়নি, হোটেল থেকে আনানো হয়েছিল৷ বিষয়টি জানাজানি হতেই হইচই শুরু হয়ে যায়৷ ইয়েদুরাপ্পা-সহ বাকিদের বিরুদ্ধে অস্পৃশ্যতার অভিযোগে থানায় এফআইআর করেছেন ডি ভেঙ্কটেশ নামে এক ব্যক্তি৷ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতি করার অভিযোগে সরব কর্নাটকের শাসকদল কংগ্রেস ও জনতা দলের (সেকুলার) মতো রাজনৈতিক দলগুলি৷
[আদিত্যনাথের বক্তব্য সবার আবেগের প্রতিধ্বনি: বিজেপি]
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আসরে নেমে পড়ে বিজেপিও৷ রীতিমতো ভিডিও প্রকাশ করে অভিযোগ অস্বীকার করা হয়েছে দলের তরফে৷ পাশাপাশি, বিজেপির মুখাপাত্র দাগ্গে শিবপ্রকাশের দাবি, ইডলি ও বড়া হোটেল থেকে আনানো হলেও, ওই দলিত পরিবারের বাড়িতে তৈরি পুলভও খেয়েছেন ইয়েদুরাপ্পা ও তাঁর সঙ্গীরা৷ যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আর এক বিজেপি নেতা হানালুরু লেপকাশ বলেছেন, ওই দলিত পরিবারের বাড়ি যা রান্না হয়েছিল, তা দিয়েই প্রাতঃরাশ করেছেন ইয়েদুরাপ্পারা৷ বিজেপির আর এক মুখপাত্রের আবার দাবি, দলিতদের কাছে বিজেপি গ্রহণযোগ্যতা ক্রমশই বাড়ছে৷ তাতেই ভয় পেয়ে গেছে বিরোধী দলগুলি৷ তাই রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরণের অভিযোগ আনা হচ্ছে৷
[হুঁশিয়ারিকে সত্যি প্রমাণ করে পাকিস্তানে বোমাবর্ষণ করল ইরান]
সম্প্রতি এ রাজ্যের দলের সংগঠনকে মজবুত করতে তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সেবার কলকাতা ও রাজারহাট ছাড়া উত্তরবঙ্গেও গিয়েছিলেন তিনি৷ শিলিগুড়ির নকশাল বাড়িতে দলিত দম্পতি রাজু মাহালি ও গীতা মাহালির বাড়িতে মধ্যহ্নভোজ সারেন অমিত শাহ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও অন্য রাজ্য নেতারাও৷
The post দলিতের বাড়িতে গিয়েও হোটেলের খাবারে প্রাতঃরাশ, বিতর্কে ইয়েদুরাপ্পা appeared first on Sangbad Pratidin.
