উত্তরপ্রদেশের আরও দুই এলাকার নাম বদলের পথে সরকার। দশরত পুত্রের স্মরণে অযোধ্যার শহর 'ভাদরসা'র নাম বদলে 'ভরত নগর' করছে যোগী সরকার। পাশাপাশি সদ্য নির্মিত খিলোনি-সুচিতাগঞ্জ পঞ্চায়েতের নামকরণ করা হচ্ছে মা জ্বালা জি-র নামে। শুক্রবার এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শুক্রবার বিকাপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, "রামের ছোট ভাইয়ের প্রতি সম্মনা জানিয়ে ভাদরসা পুরসভার নতুন নামকরণ করা হচ্ছে। এই এলাকাটি ভরত নগর হিসেবে পরিচিত হবে। পার্শ্ববর্তী ভরত কুণ্ডও ওই নামেই পরিচিত হবে।" পাশাপাশি স্থানীয় বিজেপি বিধায়ক অমিত সিং চৌহানের দাবির কথা তুলে ধরে যোগী বলেন, "বিধায়ক অনুরোধ করেছিলেন খিলোনি-সুচিতাগঞ্জ পঞ্চায়েতের নাম বদলে তা মা জ্বালা জি-র নামে রাখা হোক। তাঁর সেই দাবিকে মান্যতা দিয়ে ওই এলাকা মা জ্বালা জি নগর পঞ্চায়েত নামে পরিচিত হবে।"
যোগী আদিত্যনাথ বলেন, 'রামের ছোট ভাইয়ের প্রতি সম্মনা জানিয়ে ভাদরসা পুরসভার নতুন নামকরণ করা হচ্ছে। এই এলাকাটি ভরত নগর হিসেবে পরিচিত হবে। পার্শ্ববর্তী ভরত কুণ্ডও ওই নামেই পরিচিত হবে।'
ভরত নগর নামকরণের ব্যাখ্যা দিয়ে যোগী বলেন, "ভগবান রামের আদেশ পালন করে ভরত ১৪ বছর ভরতকুণ্ডে কাটিয়েছিলেন। সেই সময় রামের পাদুকাকে সঙ্গী করে অযোধ্যা শাসন করতেন তিনি। পৃথিবীতে ভরতের মতো ভাই খুঁজে পাওয়া বিরল।" মুখ্যমন্ত্রী বলেন, ভরতকে সম্মান জানিয়েই এই নতুন নাম। তাঁর ভক্তি ও আত্মত্যাগ পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও বলেন, অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্য সারা দেশে স্বীকৃত। সেখানে ভরত নগর নামের এই নতুন পুরসভার ব্যাপক উন্নত করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ৬ জুলাই উত্তরপ্রদেশের মন্ত্রিসভা ঘোষণা করেছিল শাহজাহানপুরের জালালাবাদের নাম বদল করে রাখা হবে ভগবান পরশুরাম পুরী। তার আগে কুশীনগরের ফাজিল নগরের নাম বদলে পাওয়াগড় রাখার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ এবং ফৈজাবাদ জেলার নাম পরিবর্তন করে অযোধ্যা রাখা হয়েছিল। সেই তালিকায় এবার যুক্ত হল আরও ২টি নাম।
