১৫০ কিলোমিটার গতিতে গাড়ি ছুটিয়ে ‘লাইভস্ট্রিম’! দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার শিকার জনপ্রিয় ইউটিউবার তথা ‘বিগ বস’খ্যাত অনুরাগ ডোভাল। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যাচ্ছে, বহুদিন ধরেই অনুরাগের পরিবারে অশান্তি চলছিল। সম্প্রতি একটি ভিডিওতে তিনি তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরপর শনিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘লাইভস্ট্রিম’ করেন অনুরাগ। সেখানে তিনি কাঁদতে কাঁদতে বলেন, “পরের জন্মে আমাকে ভালোবাসা দিও, মা। আমার তোমার ভালোবাসা থেকে বঞ্চিত।” অনুরাগ আরও বলেন, “এটাই আমার শেষ ড্রাইভ।” এরপরই তিনি গাড়ির গতি বৃদ্ধি করেন। কিছুটা যাওয়ার পরই চারচাকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কা জনক। ইতিমধ্যেই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।
কয়েকদিন আগে একটি ভিডিওতে অনুরাগ অভিযোগ করেন, বান্ধবী ঋতিকার সঙ্গে তাঁর বিয়ে কিছুতেই মেনে নেননি তাঁর বাবা-মা। কারণ, ঋতিকা ভিন্ন জাতের। তিনি বলেন, "
আমি হাত জোড় করে ভিক্ষা করেছিলাম বাবা-মায়ের কাছে। পা-ও ছুঁয়েছিলাম। সমস্ত আত্মীয়স্বজনের সামনে আমাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। আমার বাবা-মা আমার উপর নির্যাতন করেন।”
উল্লেখ্য, দেরাদুনের বাসিন্দা অনুরাগ একজন ভ্লগার। তাঁর ইউটিউব চ্যানেলটির নাম 'ইউকে০৭ রাইডার'। মূলত ভ্রমণ, মোটরবাইক রাইড, গাড়ি সংক্রান্ত ভিডিও করতেন তিনি। তবে জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-এ অংশগ্রহণ করার পর তাঁর খ্যাতি আরও বৃদ্ধি পায়।
