প্রতিশ্রুতির ঢালি সাজিয়ে ভোটের তামিলনাড়ুতে (Tamil Nadu Elections) হাজির হলেন থলপতি বিজয়। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে তিনি ঘোষণা করলে তাঁর দল টিভিকে নির্বাচনে জয়ী হলে সদ্য বিবাহিত দম্পতিকে ৮ গ্রাম সোনা, ষাটোর্ধ্ব মহিলাদের মাসে ২৫০০ টাকা, এবং রাজ্যে জন্ম নেওয়া সব শিশুকে একটি করে সোনার আংটি দেওয়া হবে। এছাড়াও রয়েছে নানা উপহার।
দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলা, তামিলনাড়ু-সহ দেশের ৫ রাজ্যে। এবারের বিধানসভা লড়াইয়ে তামিলভূমে কোমর কষতে শুরু করেছে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার মামল্লাপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবেন তিনি। সেহেতু তাঁর দল যদি ক্ষমতায় আসে তবে ৬০ বছরের বেশি বয়সের মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবে তাঁর সরকার। এছাড়া 'অন্নপূর্ণি সুপার ৬' নামে প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে বছরে ৬টি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। যার লক্ষ্য হবে পরিবারের উপর থেকে আর্থিক বোঝা কমানো।
ছোট ব্যবসায়ী ও মহিলাদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেবে সরকার। এর পাশাপাশি টিভিকে সরকার প্রতিষ্ঠিত হলে রাজ্যে জন্ম নেওয়া সকল শিশুকে আশীর্বাদ স্বরূপ একটি করে সোনার আংটি দেওয়া হবে সরকারের তরফে।
এছাড়া সদ্য বিবাহিতদের জন্য চালু হবে 'আন্নান সি' প্রকল্প। এর মাধ্যমে সরকার মহিলাদের বিবাহের সময় ৮ গ্রাম সোনা, একটি সিল্কের শাড়ি দেবে। যাতে মেয়ের পরিবারের উপর কন্যাদানের বোঝা কিছুটা কমানো যায়। শিশু, মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য সরকারি বিভাগ তৈরি করা হবে। যার উদ্দেশ্য হবে এঁদের সুরক্ষা প্রদান করা। স্কুলছুট কমাতে ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ভালো শিক্ষা নিশ্চিত করবে তাঁর সরকার। পরিবারগুলি যাতে নিজেদের সন্তানদের স্কুলমুখী করেন সে জন্য অভিভাবকদের দেওয়া হবে বছরে ১৫০০০ টাকা। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ করে দেওয়া হবে।
এখানেই শেষ নয়, মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে ও দ্রুত বিচারের জন্য ফার্স্ট-ট্র্যাক আদালত গঠন করবে সরকার। ছোট ব্যবসায়ী ও মহিলাদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেবে সরকার। এর পাশাপাশি টিভিকে সরকার প্রতিষ্ঠিত হলে রাজ্যে জন্ম নেওয়া সকল শিশুকে আশীর্বাদ স্বরূপ একটি করে সোনার আংটি দেওয়া হবে সরকারের তরফে।
