কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়না উদ্ধার করল পুলিশ। উদ্ধার হয়েছে চুনি, পান্নাও। এই ঘটনায় বিমানবন্দর চত্বর থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে একটি ডোমেস্টিক কার্গোতে করে এই বিপুল পরিমাণ সোনা, হিরে, চুনি ও পান্না কলকাতায় আসে। এরপর সন্দেহ হওয়ায় এক যুবকের কাছ থেকে সেগুলি উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এই বিপুল গয়নার বাজারমূল্য ১ কোটি টাকারও বেশি। ধৃত রাজস্থানের বাসিন্দাকে আজ, বৃহস্পতিবার ব্যারাকপুর কোর্টে তোলা হবে।
বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে সোনা, হিরে, চুনি, পান্না-সহ বেশকিছু মূল্যবান ধাতু পাচারের চেষ্টা হয়। ডোমেস্টিক কার্গোতে এই মূল্যবান ধাতু কলকাতা বিমানবন্দরে আসে। প্রাথমিক তদন্তে জানা যায়, এই মূল্যবান ধাতুর বাজারমূল্য প্রায় এক কোটি টাকারও বেশি। কলকাতা বিমানবন্দর ছাড়ার আগেই পাকড়াও পাচারকারী যুবক। তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর এনএসসিবিআই থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাম অবতার শর্মা। তিনি রাজস্থানের বাসিন্দা। সূত্রের খবর, ধৃত যুবক প্রথমে কলকাতা বিমানবন্দরে একজনের কাছ থেকে গয়নাগুলি নেন। এরপর স্কুটিতে করে বিমানবন্দর চত্বর থেকে বাইরে বেরনোর চেষ্টা করতে থাকেন। সেই সময় এনএসসিবিআই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্কুটিটি আটকায়। এরপরেই তার কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। কয়েকশো গ্রাম রূপোও উদ্ধার হয়। এছাড়াও ধৃতের কাছ থেকে হিরে, চুনি, পান্নাও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, কলকাতার বড়বাজারে এই সোনা ও রূপো নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাঁকে হেফাজতে নিয়ে এই পাচার চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখবে বিধাননগর পুলিশের এনএসসিবিআই থানার পুলিশ।
