আর জি কর মামলায় (RG Kar Case) কলকাতা হাই কোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তাতে বিচারপতিদের প্রশ্ন, আর কতদিন সবাই বিচারের অপেক্ষা করবে? আগামী ২৮ আগস্ট মামলার পরবর্তী শুনানি।
অভয়ার বাবা-মায়ের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহ রায় এদিন আদালতে জানান, "শেষ দু'বছরে সিবিআই কী তদন্ত করেছে তার স্পষ্ট রূপরেখা নেই। মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। ভিডিও রেকর্ডিং আমরা দিয়েছি। শেষ রাতে ১৬ জন ছিল। একজন স্থানীয় ব্যাঙ্ক ম্যানেজারের টিআই প্যারেড করা হয়। তার পক্ষে কি সম্ভব? সিবিআই আমাদের অতিরিক্ত হলফনামা অনুযায়ী গেলে তদন্তে আরও কিছু উঠে আসত।" পালটা সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর দাবি, "জুনিয়র চিকিৎসক সৌমিত্র রায় তাঁর সঙ্গে শেষবার ডিনার করেছেন নির্যাতিতা। তাঁর বয়ান এখনও নেওয়া হয়নি। আমরা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখছি। আমাদের আধিকারিকদের কিছু ভুল হলে নিশ্চয় খতিয়ে দেখবেন।" অভয়ার বাবা-মায়ের আইনজীবী প্রশ্ন তোলেন, "কেন ওই চিকিৎসককে জেরা করা হল না? কেন তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না?"
সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর দাবি, গত ৭ জুলাই সিট তদন্তভার গ্রহণ করেছে। তাই আরেকটু সময় চেয়ে নেন তিনি। এই কথা শুনে বিরক্ত হন হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার। বলেন, "আপনাদের রিপোর্ট থেকেই তথ্যপ্রমাণ নষ্ট, দেহ টেনে আনার উল্লেখ রয়েছে। এর আগে আমরা আপনাদের নির্দেশ দিয়েছিলাম সেটা আপনারা নাকি বুঝতেই পারেননি। এই তো অবস্থা। ঘটনার দিন রাত থেকে শেষ পর্যন্ত কি হয়েছে পুনরায় জানান। আগের তদন্ত যা হয়েছে তা সরিয়ে নতুন করে তদন্ত করুন। এভাবে কতদিন আমরা মামলা বিচারাধীন রাখব? সকলে বিচার চাইছে। কতদিন সবাই বিচারের জন্য অপেক্ষা করবে?" যদিও সিবিআইয়ের তরফে এই প্রশ্নের কোনও সদুত্তর পাওয়া যায়নি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ আগস্ট।
প্রসঙ্গত, গত ২০২৪ সালের ৯ আগস্ট আর জি করের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কলকাতা পুলিশের তরফে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। তবে নতুন করে কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই। অভয়ার বাবা-মায়ের দাবি, এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে। সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ হাই কোর্টও।
