অন্নপূর্ণা যোজনা, ভিবি জি রামজি প্রকল্প থেকে আবাস যোজনা, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা। নতুন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের থিমে এবার সাজবে স্বাধীনতা দিবসের ট্যাবলো। ১৫ আগস্ট রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানে ১১টি ট্যাবলো প্রদক্ষিণ করবে। হবে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিও। এছাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানও ফুটিয়ে তোলা হবে ট্যাবলোয়।
বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এখনও তিন মাস হয়নি। তারমধ্যেই একাধিক নতুন প্রকল্প চালু করেছে রাজ্য। সেই সমস্ত প্রকল্পগুলোকেই তুলে ধরা হবে এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। পূর্ত, স্বাস্থ্য, পরিবহণ, বিদ্যুৎ, পঞ্চায়েত–সহ মোট ১০টি দপ্তর তাদের বিভিন্ন প্রকল্প দিয়ে এই ট্যাবলো সাজাচ্ছে। তৃণমূল সরকারের আমলেও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হত সুসজ্জিত ট্যাবলোয়। কিন্তু হাতে গোনা তিন-চারটি ট্যাবলো থাকতো সেখানে। এবার সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হচ্ছে। পাশাপাশি নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রকল্প এবং জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানও বিশেষভাবে তুলে ধরা হবে ট্যাবলোয়। বিজেপি রাজ্যে সরকার গঠনের পর এই প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে। তাই সেখানে অনেক চমকই থাকবে বলে জানাচ্ছেন নবান্নের কর্তারা। তাছাড়া কলকাতা পুরসভার বিভিন্ন পরিষেবা এবং পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক বার্তা তুলে ধরা হবে। তবে উল্লেখযোগ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উৎসর্গ করে একটি পৃথক ট্যাবলো বা প্রদর্শনী থাকছে।
কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের প্রচারও এবারের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গিয়েছে। আগামী ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় রেড রোডে মূল অনুষ্ঠান শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর কুচকাওয়াজ, ট্যাবলো প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিরও আয়োজন রাখা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলবে গোটা অনুষ্ঠান। এদিকে সম্প্রতি রাজ্যের জঙ্গি হামলার আশঙ্কার প্রেক্ষিতে স্বাধীনতা দিবসকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। রেড রোড ও সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা বলয়, নজরদারি ব্যবস্থা এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
