বেআইনি পার্কিং নিয়ে কড়া হচ্ছে রাজ্য সরকার। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটপাতে গাড়ি, বাইক রাখলেই কেস করে জরিমানা করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। কোনওভাবেই শহরের রাস্তায় পার্কিং যে বরদাস্ত করা হবে না তা আবারও জানিয়ে দিয়েছেন মন্ত্রী। শুধু তাই নয়, হকার ও বেআইনি পার্কিং, ফুটপাত দখল নিয়ে মুখ খুলেছেন।
‘মুখোমুখি’ কর্মসূচিতে এদিন প্রায় ৪০টি বিভিন্ন অভিযোগ এসেছে। অভিযোগগুলির অধিকাংশ ছিল অবৈধ নির্মান নিয়ে।
দায়িত্ব পাওয়ার পর থেকেই কার্যত প্রত্যেকদিন সকালেই কলকাতায় সারপ্রাইজ ভিজিটে বের হন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। নিকাশি-সহ কোথায় কী সমস্যা, তা সরজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। বেআইনি কিছু দেখলেই কড়া পদক্ষেপের নির্দেশ দেন। সেই মতো শনিবার রাতেও শহরের রাস্তায় সারপ্রাইজ ভিজিটে বের হয় মন্ত্রী। পুলিশকে সঙ্গে নিয়ে নন্দন থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত পরিস্থিতি খতিয়ে দেখেন। বেআইনি পার্কিংয়ে থাকা গাড়ির চালকদের সতর্ক করেন মন্ত্রী নিজেই। আর তা দেখার পর মন্ত্রী অগ্নিমিত্রা পালের স্পষ্ট বার্তা, ''ফুটপাতে গাড়ি, বাইক রাখলেই কেস করে জরিমানা করা হবে।'' পাশাপাশি হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি জানান, হকারদের পুজো পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। পুজোর পর দেখব কি করা যায়।
রাতের কলকাতায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
শনিবার সকালেও নগরান্নয়ন ভবনে বিভিন্ন সমস্যা নিয়ে ‘মুখোমুখি’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। ‘মুখোমুখি’ কর্মসূচিতে এদিন প্রায় ৪০টি বিভিন্ন অভিযোগ এসেছে। অভিযোগগুলির অধিকাংশ ছিল অবৈধ নির্মান নিয়ে। মন্ত্রী জানান, মহেশতলা, বারুইপুর, সোনারপুর থেকে অভিযোগ এসেছে। সাধারণ মানুষের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।
