shono
Advertisement

ভারচুয়াল নয়, পুজোয় পারস্পরিক সম্পর্কে ফেরার গল্প বলবে বকুল বাগান সর্বজনীন

এবছরই প্রথম থিমপুজোয় হাতেখড়ি হচ্ছে ভবানীপুরের এই ঐতিহ্যবাহী পুজোর। The post ভারচুয়াল নয়, পুজোয় পারস্পরিক সম্পর্কে ফেরার গল্প বলবে বকুল বাগান সর্বজনীন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:35 PM Sep 10, 2017Updated: 12:56 PM Sep 29, 2019

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন বকুল বাগান সর্বজনীনের পুজো প্রস্তুতি৷

Advertisement

শুভময় মণ্ডল: ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের মাঝে ড্রইংরুমে রাখা বোকা বাক্সে বন্দি…’।

সেই কবে গান লিখেছিলেন শিল্পী গৌতম চট্টোপাধ্যায়। নয়ের দশক এখন অতীত। বর্তমান একুশ শতকের জেটগতির যুগে জীবন বন্দি এখন ছোট্ট একটি ডিভাইসে। স্মার্টফোন। আর তার ভারচুয়াল জগতে বিচরণ করতে করতে পাশের মানুষটির কথাই ভুলে মেরেই দিচ্ছি আমরা। আক্ষরিক অর্থেই হাতের মুঠোয় পৃথিবী। ডিজিটাল সমাজে এখন একাকীত্বই পরম বন্ধু হয়ে দাঁড়িয়েছে। ভারচুয়াল জগতে একটা মাত্র স্পর্শে দুনিয়ার সব প্রান্তের মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। কিন্তু পাশের মানুষের দুঃখ, দুর্দশা, ব্যথা, কষ্ট কিছুই অনুভব করতে পারছি না আমরা। পারস্পরিক ভাব-ভালবাসার সম্পর্কটাই উধাও হয়ে গিয়েছে। এক অজানা আকর্ষণের হাতছানিতে নিজেদের থেকেই সরে যাচ্ছি আমরা। তবে সব ভুলে শারদীয়াতে ভারচুয়াল সম্পর্ক নয়, পারস্পরিক সম্পর্কতেই মেলবন্ধন ঘটুক সবার। এমনটাই এবার চায় দক্ষিণ কলকাতার বকুল বাগান সর্বজনীন। তাই পারস্পরিক সম্পর্কের বুনিয়াদ আরও মজবুত করতে এক পন্থা বাতলে দিয়েছে তারা। এবার পুজোয় তাদের থিম- একলা ফেরা।

থিমের বিষয়ে আরও একটু গভীরে যাওয়ার আগে বকুল বাগানের পুজো নিয়ে দু-চার কথা না বললেই নয়। এবছর ৯০তম বর্ষ এই পুজোর। কিন্তু এবছরই প্রথম থিমপুজোয় হাতেখড়ি হচ্ছে ভবানীপুরের এই ঐতিহ্যবাহী পুজোর। থিমশিল্পী বিমল সামন্তর হাত ধরে। বাংলার প্রায় সব প্রথিতযশা শিল্পীর নামই এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রত্যেকেই প্রতিমা গড়েছেন এই বারোয়ারির জন্য। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই তালিকায় রয়েছেন। তবে এতদিন থিমপুজোয় গা ভাসায়নি বকুল বাগান। এবছর অভিনব এক ভাবনা নিয়ে বকুল বাগানের পুজোমণ্ডপকে সাজাচ্ছেন শিল্পী বিমল সামন্ত। আর এই মণ্ডপসজ্জায় তিনি ব্যবহার করেছেন এক বিশেষ জিনিস। বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে অবস্থিত সিমনা অঞ্চলে এক বিশেষ ধরনের বাঁশ পাওয়া যায়। অপেক্ষাকৃত সরু ও ঋজু এই বাঁশ দিয়েই এবার সেজে উঠছে পুজোমণ্ডপ। নানান আকারের বাঁশ দিয়েই গোটা মণ্ডপ তৈরি হচ্ছে।

এবার প্রশ্ন জাগতে পারে, পারস্পরিক মেলবন্ধন ও বাঁশের সম্পর্ক কোথায়? এখানেই শিল্পীর ব্যাখ্যা, সিমনার এই বিশেষ ঋজু বাঁশ অনেকটা পারস্পরিক সম্পর্কের রূপক। মানুষের জীবন, পারস্পরিক ভাব-ভালবাসা যেন এই বাঁশের মতোই ঋজু ও সরল। ভারচুয়াল সম্পর্কের মায়া কাটিয়ে মানুষ যেন তাঁর পুরনো পারিবারিক বন্ধনের সুসম্পর্কে ফিরে যায় সেই কথাই বলবে এই থিম ভাবনা, আশা শিল্পীর। বিমলবাবুর পরিকল্পনায় প্রতিমা রূপায়ণে অরুণ পাল। আলোর দায়িত্বে শিল্পী পিনাকী গুহ। আবহ সংগীত করেছেন শিল্পী নিলয় দত্ত।

কেমন চলছে পুজোর প্রস্তুতি, দেখুন ভিডিওয়-

The post ভারচুয়াল নয়, পুজোয় পারস্পরিক সম্পর্কে ফেরার গল্প বলবে বকুল বাগান সর্বজনীন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার