shono
Advertisement

পুজোয় এবার একটুকরো রঙিন রাজস্থানের সফর করাবে বেহালা নূতন সংঘ

দুর্গোৎসব হবে আরও রঙিন, আরও প্রাণবন্ত। The post পুজোয় এবার একটুকরো রঙিন রাজস্থানের সফর করাবে বেহালা নূতন সংঘ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:17 PM Sep 03, 2017Updated: 06:57 PM Sep 29, 2019

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন বেহালা নূতন সংঘরে পুজো প্রস্তুতি৷

Advertisement

সুলয়া সিংহ: বসন্তের উৎসব গাঙ্গোর৷ ধরিত্রী সুজলা সুফলা করে তুলতে সৌভাগ্যের দেবী গৌরীর পুজো দেন রাজস্থানের বাসিন্দারা৷ প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে গাঙ্গোর উৎসবে মেতে ওঠেন রাজস্থানবাসী৷ সেই উৎসব পশ্চিমী রাজ্যের হাত ধরে এককালে ঢুকে পড়েছিল এই বাংলাতেও৷ একশো বছরেরও বেশি সময় ধরে বসন্ত ঋতুতে এ শহরেও পার্বতী মায়ের পুজো হয় ধুমধাম করে৷ কিন্তু এবার সেই পুজো হবে শরতে৷ কীভাবে? কারণ বেহালা নূতন সংঘ এবার গাঙ্গোর উৎসবকেই মিলিয়ে দিয়েছে দুর্গোৎসবের সঙ্গে৷ গৌরী, পার্বতী হোক বা দুর্গা, এক মায়েরই তো বহুরূপ৷ আর রাজস্থানের রঙিন ঐতিহ্য এবং জনপ্রিয় উৎসবের কথা মাথায় রেখেই এবার সাজছে দক্ষিণের এই কুলীন পুজোমণ্ডপ৷ বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডে নেমে হেঁটে গেলেই যে উৎসবে গা ভাসাতে পারবেন দর্শনার্থীরা৷

উৎসব কতটা রঙিন, কতটা প্রাণবন্ত, সেই ভাবনাই মণ্ডপে ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্পী প্রশান্ত পাল৷ থিমের পোশাকি নাম ‘উৎসব- আরও প্রাণবন্ত’৷ মণ্ডপে পা রাখা মাত্রই উৎসবের রঙিন দুনিয়ায় শামিল হবেন দর্শনার্থীরা৷ প্লাস্টিকের গ্লাস, বাটি, টিনের বাক্সের উপর কাচ ও রঙের রকমারি কাজে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ৷ আর সব কাজেই থাকছে রাজস্থানী ছোঁয়া৷ রাজস্থানী পোশাক, চিত্রকলা কোনও কিছুই চোখ নজর এড়াবে না এখানে৷ দুর্গাপুজোয় বেহালার বুকে সন্ধান মিলবে একটুকরো রঙিন রাজস্থানের৷

শিল্পী প্রশান্ত পালের প্রতিমা ভাবনাতেও থাকছে গাঙ্গোর উৎসবের ছোঁয়া৷ গৌরীদেবী যেখানে রাজস্থানী ঢঙে সেজে ওঠেন সেখানে, এই প্রতিমাও সাজছে সেভাবে৷ শাড়ির বদলে এখানে মায়ের পরনে ঘাগড়া৷ মণ্ডপকে আরও প্রানবন্ত করে তোলার দায়িত্ব আলোক শিল্পী শুভেন্দু লাহা এবং আবহ সংগীত শিল্পী সায়ন্তন গোস্বামীর৷ রাজস্থানী লোকশিল্পের সুর আর কথায় গাঙ্গোর ও দুর্গোৎসব মিলেমিশে একাকার হয়ে যাবে৷

সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট পুরস্কারের শিঁকেয় এখনও ছেঁড়েনি৷ তবে ৫৮তম বছরে পা রাখা তাঁদের পুজো ‘পারফেক্ট’ হবে বলে আশা উদ্যোক্তাদের৷ গত বছরও এই মণ্ডপের থিম ছিল উৎসব৷ প্রায় ১৫ হাজার পুরনো শাড়ি দিয়ে গড়ে উঠেছিল মণ্ডপ৷ এবার উৎসব আরও প্রাণবন্ত৷ এ বছর sangbadpratidin.in -এ বেহালার এই পুজোর যাবতীয় হালহকিকত জানতে পারবেন। ছবি, ভিডিওর জন্য চোখ রাখতেই হবে এখানে।

The post পুজোয় এবার একটুকরো রঙিন রাজস্থানের সফর করাবে বেহালা নূতন সংঘ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার