shono
Advertisement

Breaking News

ছাত্র আন্দোলনের চাপে নতিস্বীকার, প্রেসিডেন্সিতে মেধাতালিকা প্রকাশ

ফি কমানোর দাবিতে অব্যাহত আন্দোলন৷ The post ছাত্র আন্দোলনের চাপে নতিস্বীকার, প্রেসিডেন্সিতে মেধাতালিকা প্রকাশ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:33 PM Jul 14, 2018Updated: 02:03 PM Jul 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুরের পর এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়৷ ছাত্র আন্দোলনের চাপের মুখে ফের নতিস্বীকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের৷ প্রেসিডেন্সিতে প্রকাশিত হল মেধাতালিকা৷ তবে কাউন্সেলিং ফি কমানোর দাবিতে এখনও আন্দোলন অব্যাহত পড়ুয়াদের৷

Advertisement

[হস্টেলের দাবিতে অনশনে পড়ুয়ারা, অচলাবস্থা অব্যাহত মেডিক্যাল কলেজে]

শুক্রবার থেকেই আন্দোলনে শামিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ নিয়ম অনুযায়ী উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ও প্রবেশিকা পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয় প্রেসিডেন্সিতে৷ ওই মেধাতালিকার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ে ভরতি হতে পারেন পড়ুয়ারা৷ কিন্তু প্রেসিডেন্সির পড়ুয়াদের অভিযোগ, প্রতিবছর মেধাতালিকা প্রকাশ হলেও, চলতি বছর মেধাতালিকা প্রকাশ না করেই ভরতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কাজে কাজেই ভরতি প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে বলেই দাবি আন্দোলনকারীদের৷ ছাত্রছাত্রীদের আরও দাবি, কাউকে কিছু না জানিয়ে প্রায় বিনা নোটিসেই কাউন্সেলিংয়ের ফি ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে৷

[এবার থেকে প্রাথমিক স্তরের সিলেবাসে গান্ধীজি, সিদ্ধান্ত রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের]

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ভরতি প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড৷ ফি বৃদ্ধি, মেধাতালিকা প্রকাশ সবকিছুই নিয়ন্ত্রণ করে ওই বোর্ড৷ তা সত্ত্বেও কোনও কিছু না বুঝেই ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ওপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ রেজিস্ট্রার দেবাশিস কোঙারের৷ আন্দোলনকারীদের দাবিদাওয়া নিয়ে শুক্রবার আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ রেজিস্ট্রার জানান, জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের নির্দেশ অনুযায়ীই শনিবার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়েই মেধাতালিকা দেখতে পাবেন পড়ুয়ারা৷

[ভাড়া কমছে অ্যাপ ক্যাবের, পরিবহণ দপ্তরকে চিঠি ওলা-উবের কর্তৃপক্ষের]

যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের এই যুক্তি মানতে নারাজ আন্দোলনকারীরা৷ তাঁদের দাবি, ছাত্র আন্দোলনের চাপে নতিস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তবে এখনও প্রেসিডেন্সির পড়ুয়াদের আন্দোলন জারি রয়েছে৷ তাঁদের দাবি, কাউন্সেলিংয়ের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করতে হবে৷ আন্দোলনকারীদের যুক্তি, বিভিন্ন কলেজে কলেজে ভরতি প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় একমাস আগেই৷ নানা টালবাহানায় চলতি বছর ভরতি প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে প্রেসিডেন্সিতে৷ তাই মেধা তালিকায় নাম থাকা বহু ছাত্রছাত্রী টাকা খরচ করে অন্য কলেজে ভরতি হয়ে গিয়েছে৷ এরকম বহু পড়ুয়াই প্রেসিডেন্সির কাউন্সেলিংয়ে আসবে, সেক্ষেত্রে ৫০০ টাকা ফি তাদের ক্ষেত্রে অনেক বেশি বলেই দাবি আন্দোলনকারীদের৷ আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করতে শনিবার বৈঠকে বসবেন বিক্ষোভকারীরা৷

The post ছাত্র আন্দোলনের চাপে নতিস্বীকার, প্রেসিডেন্সিতে মেধাতালিকা প্রকাশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement