shono
Advertisement
Meera Bhattacharjee

'এখন ভালো আছি', হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য

তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। চিকিৎসকরা তাঁকে ঠিক সময়মতো খাওয়া দাওয়া করার পরামর্শ দিয়েছেন।
Published By: Jaba SenPosted: 05:39 PM Aug 25, 2026Updated: 06:08 PM Aug 25, 2026

হাসপাতাল থেকে মঙ্গলবার ছুটি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য (Meera Bhattacharjee)। পেটে অসহ্য ব্যথা হওয়ায় গত শুক্রবার তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে ঠিক সময়মতো খাওয়া দাওয়া করার পরামর্শ দিয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে বুদ্ধজায়া জানান, তিনি এখন ভালো আছেন।

Advertisement

অসুস্থ হয়ে শুক্রবার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মীরা ভট্টাচার্য। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় ও এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী। শনিবার সকালে তাঁর কয়েকটি মেডিক্যাল পরীক্ষা হয়। মীরাদেবীকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। গত কয়েকদিনের চিকিৎসায় তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন বলে জানান চিকিৎসকরা। মীরা ভট্টাচার্য হাসপাতালে থাকাকালীন সোশাল মিডিয়ায় তাঁর অসুস্থতা নিয়ে একাধিক গুজব ছড়ায়। গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত বুদ্ধদেব ও মীরার সন্তান সুচেতন ভট্টাচার্য। যারা অপপ্রচার করছেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। এই আবহে মঙ্গলবার বিকেলে মীরা ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল।

উল্লেখ্য, বছর দুই আগে বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুর পর বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাড়িতে একাই থাকতেন মীরা ভট্টাচার্য। তাঁদের একমাত্র সন্তান সুচেতন অনেকদিন ধরেই অন্যত্র থাকেন। সত্তরোর্ধ্ব মীরাদেবী ইদানিং খানিকটা অসুস্থ। পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে তাঁর খুব কাশি হচ্ছিল, সেইসঙ্গে শ্বাসকষ্ট ও পেটব্যথা। বৃহস্পতিবার বেশ অসুস্থ বোধ করেন। পরেরদিনই উডল্যান্ডস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ভর্তি করিয়ে নেন। মীরাদেবীর হৃদযন্ত্রে পেসমেকার বসানো। তার ব্যাটারি বদলের জন্য তিনবছর আগে তাঁকে একবার হাসপাতালে যেতে হয়েছিল। তারপর থেকে আর সেই পরিস্থিতি তৈরি হয়নি। সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার আসার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। এনিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা গিয়েছিল মীরাদেবীর মুখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement