পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ পড়ুন বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘের পুজো প্রস্তুতি৷
শুভময় মণ্ডল: অশান্ত সময়ে হিংসা-হানাহানিতে দীর্ণ পৃথিবী। মানব সভ্যতার অগ্রগতিই বিশ্বকে সৃষ্টির বধ্যভূমিতে পরিণত করছে। মানুষ আজ বড়ই অসহিষ্ণু। সবল আরও শক্তিশালী হয়েছে এবং দূর্বল আরও ক্ষয়িষ্ণু। বর্তমান যুগে শান্তির আজ বড়ই অভাব। এই পরিস্থিতিতে সমাজের অশুভশক্তির বিনাশে ফের একবার প্রয়োজন দুর্গতিনাশিনীর। অসুরদলনী মহামায়ার আবির্ভাবেই শুভশক্তির পুনর্প্রতিষ্ঠা সম্ভব। তবে অশান্ত পৃথিবীর প্রতিকূল পরিবেশের বৈপরিত্য রয়েছে দেবীর নিজস্ব অঙ্গনে। যা পালটে দেবে মানুষের যান্ত্রিক জীবনের দৃষ্টিকোণ। এবার পুজোর শহরে এমনই ভাবনা নিয়ে তাক লাগিয়ে দিতে তৈরি বেহালার বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ। দক্ষিণের এই বারোয়ারি এখন শহরের পুজোর মানচিত্রে বেশ বড় জায়গা করে নিয়েছে। মাত্র ১১ বছরের পুরনো এই পুজো শহরের হেভিওয়েট বারোয়ারিগুলিকে টেক্কা দিতে আসরে। এবছর তাদের থিমের পোশাকি নাম- শিল্প ভাবনায় দেবী আঙ্গন, পালটে দেবে ‘দৃষ্টিকোণ’।
প্রকৃতপক্ষেই শিল্প ভাবনায় দেবীর আঙ্গন ফুটে উঠবে মণ্ডপে। সৃজনে শিল্পী শক্তি শর্মা। হেভিওয়েট থিমমেকারদের ভিড়ে তুলনায় নবীন শক্তি শর্মা কিন্তু তাঁর ভাবনার নান্দনিকতায় প্রবীণদের চ্যালেঞ্জে ফেলে দিতে পারেন। তাঁর মতে, এবারের থিম ভাবনার দেবী আঙ্গন অনেকেরই দৃষ্টিকোণ পালটে দিতে পারে। কীভাবে তাও খোলসা করেছেন শিল্পী। এখানেই বলে রাখা ভাল, গোটা মণ্ডপসজ্জাতে একটি উপকরণ কিন্তু মূল। তা হল লাঠি। তবে যে সে লাঠি নয়। সেই ঝাড়খণ্ড থেকে প্রায় ৭০ থেকে ৮০ হাজার বিশেষ লাঠি দিয়ে গড়ে উঠছে মণ্ডপ। গায়ে বিশেষ ধরনের কারুকৃতির এই লাঠিই মূল উপকরণ থিম ভাবনার। যে লাঠি একসময় ছিল অশীতিপরের অবলম্বন, সেই লাঠিই এখন গণপিটুনির হাতিয়ার। শিল্পীর মতে, এ পৃথিবী চায় না শান্তিপ্রিয় মানুষ। কল্পনার দুনিয়া যেমনটা ঠিক তেমনটাই হচ্ছে এই মণ্ডপ। যেখানে রয়েছে মানস সরোবর, তাতে খেলে বেড়াচ্ছে রাজহাঁস, ফুটে রয়েছে পদ্ম। এবং প্রস্ফুটিত পদ্মের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে দেবীর আঙ্গন।
রাজহাঁস, পদ্ম এসবই লাঠি দিয়ে তৈরি করা হচ্ছে। থিমের সঙ্গেই সাযুজ্য রেখে প্রতিমা গড়ছেন শিল্পী খোদ। আলোর দায়িত্ব রয়েছেন প্রতীপ মুখোপাধ্যায়। আবহ সংগীতও শিল্পী শক্তি শর্মার সৃজনে। গতবছরও এ পুজোর থিমমেকার ছিলেন শক্তি শর্মা। গতবছর তাঁর ভাবনায় শান্তির পরিবেশ বিরাজমান ছিল জনকল্যাণ সংঘের মণ্ডপে। এবারের ভাবনা গতবারের সিক্যুয়েলই বলা চলে। তবে আদৌ তাই কিনা তা বলবেন দর্শনার্থীরা।
কেমন চলছে পুজোর প্রস্তুতি, দেখুন ভিডিওয়-
The post শিল্প ভাবনায় পুজোর শহরে ‘দৃষ্টিকোণ’ পালটে দেবে বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ appeared first on Sangbad Pratidin.
