হকার উচ্ছেদে আপাতত স্থগিতাদেশ। যাদবপুরে রেলের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আপাতত স্বস্তিতে হকাররা। বুধবার এই সংক্রান্ত মামলায় আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রেলের বেআইনি হকার উচ্ছেদের মামলাগুলি একসঙ্গে শুনানির কথাও জানিয়েছে আদালত।
গত কয়েকদিন ধরেই রেলের জমিতে থাকা বেআইনি দখলদার সরানোর অভিযান চলছিল। শিয়ালদহ, হাওড়া, দমদমের মতো গুরুত্বপূর্ণ স্টেশন তো বটেই, প্রায় সব স্টেশনেই দখলমুক্ত করার অভিযানে নামে আরপিএফ ও রেল পুলিশ। অন্যদিকে, গত রবিবার গভীর রাতে যাদবপুরে স্টেশনের ধারে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ এবং হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত হকাররা। সেখানে সিপিএমের স্থানীয় নেতা-কর্মীরা চলে আসায় উত্তেজনা বেড়েছিল।
বুধবার হকারদের তরফে আইনজীবী শামিম আহমেদ বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের বিবেচনায় আনার আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করে মামলা করার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি, আপাতত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। মামলার পরবর্তী শুনানি ১৭ জুন। এর আগে হাওড়া, কোন্নগর, ডানকুনি-সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ নিয়ে হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়। উচ্ছেদের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হকাররা। সেই সমস্ত সবকটি মামলার শুনানি এক সঙ্গে হবে বলে জানিয়েছে আদালত।
